নদীকেন্দ্রিক জনগণের সম্পর্ক বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার মানুষ নদী দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত আছে। রাষ্ট্রের মতো রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে ওই নদীকে বিভক্ত করার হয়েছে। ফলে নদী থেকে এ অঞ্চলের মানুষ আগের মতো সুবিধা পাচ্ছে না। নদীকে এ অঞ্চলের মানুষের কাজে লাগতে হলে নাগরিক সংগঠনগুলোতে সক্রিয় হতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার তীরবর্তী মানুষের মধ্য সম্পর্ক তৈরির জন্য নাগরিক সংগঠনগুলোর উদ্যোগ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

আন্তর্জাতিক সংস্থা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এটির আয়োজন করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)। এতে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের বেসরকারি সংস্থার প্রতিনিধি ও নদী গবেষকেরা অংশ নেন।

কর্মশালায় নাগরিক সংগঠনগুলোর পক্ষ থেকে একটি রূপকল্প তুলে ধরা হয়। ওই রূপকল্পের বাস্তবায়নের মাধ্যমে যাতে নদীকেন্দ্রিক মানুষের জীবন ও জীবিকার উন্নতি হয়, সে ব্যাপারে নাগরিক সংগঠনগুলোতে সোচ্চার থাকার পক্ষে মত দেন তাঁরা। একই সঙ্গে নদীর ক্ষতি না করে কীভাবে তা এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজে লাগানো যায়, সে ব্যাপারে দুই দেশের সরকারকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।

কর্মশালার শুরুতে আইইউসিএন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, এ অঞ্চলের মানববসতি ও সভ্যতার পত্তন হয়েছে নদীকে কেন্দ্র করে। নদী শুধু মানুষের জীবন-জীবিকার উৎসই নয়, যোগাযোগ, জীববৈচিত্র্যের আঁধার ও সাংস্কৃতিকভাবেও নদীর গুরুত্ব অপরিসীম। দক্ষিণ এশিয়ায় নদী নিয়ে কাজ করে, এমন নাগরিক সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর ওপরে জোর দেন তিনি।

ভারতের পরিবেশ আইনবিদ সমিতির (আইইএলও) সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শায়েক সিদ্দিকী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নদী নিয়ে যত সমস্যা সৃষ্টি হয়েছে, তা আলোচনার মাধ্যমেই সমাধান হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তা গঙ্গা চুক্তির মাধ্যমে সমাধান করা হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনা শেষে ১৯৯৬ সালে গঙ্গা চুক্তি হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ওয়াটার কিপারস, বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল বলেন, নদীর ধরনকে বিবেচনায় না নিয়ে শুধু রাজনৈতিক কারণে নদীতে নানা অবকাঠামো তৈরি করা হয়। ভারত একসময় পাকিস্তানকে শায়েস্তা করতে ফারাক্কা বাঁধ নির্মাণ করেছিল। কারণ, তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু পরে ওই বাংলাদেশ স্বাধীন হলেও ওই বাঁধ বাংলাদেশের অব্যাহতভাবে ক্ষতি করেছে।

আইইউসিএনের এশিয়া কার্যালয়ের কর্মকর্তা বিশ্ব রঞ্জন সিনহার সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন বাংলাদেশের নদী কমিশনের সদস্য শারমিন মুর্শিদ, ভুটানের বন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সোনম চদেন, ভারতের হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিলা মুখার্জি।