নদীগর্ভে বিলীন হচ্ছে পুজগাং বেইলি সেতুর দক্ষিণ পাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি-দুধুকছড়া সড়কের পুজগাং বেইলি সেতুর দক্ষিণ পাড়ের মাটি পুজগাং নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এতে যেকোনো সময় সেতু ধসে গিয়ে মারাত্মক দুর্ঘটনাসহ প্রাণহানির আশঙ্কা করছে এলাকাবাসী। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সেতুর দক্ষিণ পাড়ের মাটি পাটাতনের গোড়া থেকে সরে গেছে। সামান্য বৃষ্টিতে পুরো সেতুটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে লোগাং ইউনিয়ন ও চেংগী ইউনিয়নের সঙ্গে পানছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হবে। সতর্কসংকেত হিসেবে এলাকাবাসী সেতুর দক্ষিণ পাড়ে দুটি লাল পতাকা দিয়েছে। সেতুর দক্ষিণ পাড় থেকে আনুমানিক ১০-১৫ গজ দূরে রয়েছে পুজগাং বনশ্রী শিশুবিদ্যানিকেতন ও পুজগাং মুখ উচ্চবিদ্যালয়। সেতুটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে বিদ্যালয় দুটিও ভাঙনের কবল থেকে রক্ষা পাবে না। বনশ্রী শিশুবিদ্যানিকেতনের শিক্ষক কালা চাঁদ চাকমা ও পুজগাং উচ্চবিদ্যালয়ের দপ্তরি কল্পরঞ্জন চাকমা বলেন, ১০-১২ অক্টোবর থেমে থেমে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পুজগাং নদীর ভাঙন বৃদ্ধি পেয়েছে এবং পুজগাং বেইলি সেতুর দক্ষিণ পাড় নদীগর্ভে বিলীন হচ্ছে। তাই ১৪ অক্টোবর বিকেল থেকে ঝুঁকি নিয়ে যাত্রীবাহী যান চলাচল করলেও মালবাহী কোনো গাড়ি চলাচল করতে পারছে না। পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, সেতু মেরামত না করা পর্যন্ত কোনো ধরনের যাত্রীবাহী যান চলাচল না করার জন্য পার্বত্য জিপ সমিতির পানছড়ি উপজেলা লাইনম্যানকে অনুরোধ করা হয়েছে। এর পরও অনুরোধ না মানলে, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হলে সব দায় জিপ সমিতির ওপর পড়বে। খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ‘১৭ অক্টোবর সেতুটি সরেজমিনে দেখে এসেছি। ভাঙন থেকে রক্ষার জন্য জরুরি মুহূর্তে বড় ধরনের প্রকল্প দরকার। প্রকল্পটি ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’