নদীগর্ভে হারানোর প্রহর গুনছে স্কুলটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশায় যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে উপজেলার ১৩০ বছরের পুরোনো নওখিলা পিএন উচ্চবিদ্যালয়টি। বিদ্যালয়টিতে পাঠদান বন্ধ হয়ে গেছে। সমস্যায় পড়েছে অষ্টম শ্রেণীর সমাপনী (জেএসসি) পরীক্ষার শিক্ষার্থীরা। ৩ অক্টোবরের মধ্যে নাম নিবন্ধন না করলে জেএসসি পরীক্ষা দিতে পারবে না তারা। তাই বাধ্য হয়ে বন্যার পানি ভেঙে তারা বিদ্যালয়ের পাশে এসেছে নিবন্ধন করতে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮৮২ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। এবার বর্ষার আগে বিদ্যালয়সংলগ্ন এলাকায় ভাঙন শুরু হয়। ধীরে ধীরে যমুনা নদী বিদ্যালয়টিকে গ্রাস করে। বিদ্যালয়টি ভাঙনের মুখে পড়তে পারে—এই আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। এলাকার সাংসদ আবদুল মান্নানের নির্দেশে একটি কমিটিও গঠন করা হয়। কিন্তু ভাঙনের তীব্রতা এত বেশি ছিল যে গত শুক্রবার দুপুরে ১০০ মিটার বাঁধ ভেঙে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি ভেসে যাওয়ার উপক্রম হয়। বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকলেও জেএসসি পরীক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বন্যার মধ্যেই চন্দনবাইশা সড়কে গতকাল রোববার থেকে নাম নিবন্ধন শুরু করেছে। বিদ্যালয় থেকে এবার ১১৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে।চন্দনবাইশা রোহাদহ গ্রামের সাজেদুল ইসলাম জানায়, এক কিলোমিটার দূর থেকে বন্যার পানি ভেঙে তাকে এখানে আসতে হয়েছে। আসতে খুব কষ্ট হয়েছে জানিয়ে সে বলে, তাদের ঘরবাড়িতেও পানি ঢুকেছে। আশপাশের সবখানে শুধু পানি আর পানি। নাম নিবন্ধন না করলে পরীক্ষা দিতে পারবে না—এ জন্য সে কষ্ট করেই এখানে এসেছে।গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, পানিতে আধপাকা বিদ্যালয় ভবনটি নিমজ্জিত। যমুনা নদীর পানি আছড়ে পড়ছে বিদ্যালয়ের দেয়ালে। বিদ্যালয় ভবনের কিছু কক্ষের টিনের চালা পানির তোড়ে ভেসে গেছে। যেকোনো সময় গোটা ভবনটি যমুনাগর্ভে হারিয়ে যাওয়ার প্রহর গুনছে যেন।নওখিলা পিএন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে সড়কের ওপর বসে নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ, ৪ অক্টোবরের মধ্যে নাম নিবন্ধন করে রাজশাহী শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। প্রধান শিক্ষক আহসান রেজা বলেন, গতকাল দুপুর পর্যন্ত ৭০ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে। যারা বিদ্যালয়ে আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে নিবন্ধন করা হবে।