নদীটা মুখ খুলতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীটার মুখে জমেছে অনেক মাটি। সে মাটির দখল নিয়েছে অনেক মানুষ। এতে করে বেহাত হয়ে গেছে নদীর মুখ। একসময়ের খরস্রোতা নদীটির এখন আর মুখ খোলার উপায় নেই। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা গ্রামে গঙ্গায় এর উৎসমুখ। নাম চিনারকূপ। গবেষকেরা বলছেন, উৎসমুখের একটি লোহার গেট এই নদীটির এই করুণ পরিণতির জন্য দায়ী।

রাজশাহী নগরের পশ্চিম প্রান্তে কশিয়াডাঙ্গা মোড় থেকে পশ্চিম দিকে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ধরে ছয় কিলোমিটার এগোলেই পবা উপজেলার হরিপুর ইউনিয়নের আন্ধাকোটা গ্রাম। এর দক্ষিণ-পশ্চিমে খোলাবোনা গ্রাম। এই গ্রাম ঘেঁষে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে গঙ্গা। খোলাবোনার মাঝ দিয়ে গঙ্গার একটি ধারা উত্তর দিকে ঢুকে পড়েছে। এ ধারাটির নামই ছিল চিনারকূপ।

নদী গবেষক ও হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাতা মাহবুব সিদ্দিকী তাঁর গঙ্গা-পদ্ম-পদ্মবতী গ্রন্থে বলেছেন, এ ধারাটির উৎস ও মোহনা প্রাকৃতিক। তাই নিশ্চিতভাবে বলা যায়, চিনারকূপ একটি নদী। তবে আভিধানিকভাবে চিনারকূপ একটি নদ।

উৎসমুখ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর দিকে এসে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের একটি কালভার্টের নিচ দিয়ে বের হয়ে চিনারকূপ গোবরার বিলে পড়েছে। খোলাবোনা গ্রামের নাসির উদ্দিন বলেন, গোবরার বিলের মাটি খুঁড়লে এখনো নদীর বালু উঠে আসে।

বিলের ভেতর দিয়ে আরও এক কিলোমিটার এগিয়ে পাথরঘাটা গ্রামে গিয়ে এটি পূর্ব দিকে বাঁক নিয়েছে। মাহবুব সিদ্দিকী বলেন, প্রায় ১৫০ বছর আগে ইন্ডিয়ান নেভিগেশন কোম্পানির লঞ্চ নদীপথে পাথর-চুন নিয়ে এসে এই ঘাটে ফেলত। এ জন্য এই জায়গার নাম হয়েছে পাথরঘাটা।

এখান থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব দিকে এসে এটি নদীটি উত্তর দিকে বাঁক নিয়েছে। এখান থেকে প্রায় ২০০ গজ উত্তরে হরিপুর উত্তরপাড়া গ্রাম। এটি নদীর পূর্ব পাশের গ্রাম। নদীর ঠিক পশ্চিম পাশে গোদাগাড়ী উপজেলার অবলকপুর গ্রাম। এখানে নদীর ওপরে ১৯৯৭ সালে ৫০ মিটার লম্বা একটি সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয়ভাবে সেতুটিকে খাড়িয়া সেতু বলা হয়। এখানে এখনো নদী তার আসল চেহারায় রয়েছে।

এই নদী বরেন্দ্র ভূমি ও সমতল ভূমিকে দুই ভাগে বিভক্ত করেছে। নদীর পশ্চিম পাশে বরেন্দ্র ভূমি, উঁচু-নিচু ঢেউখেলানো। আর পূর্ব পাশ থেকে শুরু হয়েছে সমতল ভূমি।

খাড়িয়া সেতু থেকে আরও প্রায় তিন কিলোমিটার উত্তরে রয়েছে চিনারকূপ গ্রাম। ধারণা করা হয়, এই গ্রামের নামানুসারেই নদীর নামকরণ করা হয়েছে। এই গ্রামের ভেতরে এখনো নদীর অংশটি একটি বড় দিঘির মতো হয়ে আছে। একসময় নদীর প্রবল স্রোতের কারণে এখানে একটি দহের সৃষ্টি হয়েছিল।

এখান থেকে চিনারকূপ রাজশাহীর একসময়ের বিখ্যাত বন্দর-বাজার দামকুড়া পলাশবাড়ি গ্রামে জামদহ নদীর সঙ্গে মিলিত হয়েছে। জামদহের স্থানীয় নাম জোয়াখালী। মিলিত ধারাটি সিতলাই রেলসেতুর নিচ দিয়ে উত্তর দিকে চলে গেছে। সেতুটি ১৫০ মিটার লম্বা। এটা দেখেই আন্দাজ করা যায়, নদীটি কেমন চওড়া ছিল। পরে এটি পবা উপজেলার বাগধানীতে শিবনদের সঙ্গে মিলিত হয়েছে। মিলিত ধারা বারনই নদীতে গিয়ে মিশেছে। বারনই বাগমারার তাহিরপুর হয়ে চলনবিলে গিয়ে পড়েছে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে চিনারকূপ নাব্য নদী হিসেবে ব্যবসা-বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হয়েছে।

নদীটির উৎসমুখ থেকে ২৫০ গজ উত্তরে নবাবি আমলে একটি লোহার সেতু নির্মাণ করা হয়েছিল। নদীর প্রবল স্রোতের কারণে আশপাশের গ্রামে বন্যা হতো। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ১৯৮০ সালে এই সেতুর মুখে কপাট লাগিয়ে চিনারকূপের প্রবাহ বন্ধ করে দেওয়া হয়। এরপর নদীটির উৎসমুখ মরে যায়। গত শুক্রবার সেখানে গিয়ে দেখা যায়, সেতু থেকে দক্ষিণ দিকে নদীর ক্ষীণ একটি ধারা এখনো রয়েছে। ধারাটি উৎসমুখের কাছাকাছি গিয়ে ভরাট হয়ে গেছে। আর সেতু থেকে উত্তর দিকে বেশ চওড়া নদীর আকৃতি রয়েছে। তবে ভরাট হয়ে তলদেশ উঁচু হওয়ার কারণে স্থানীয় লোকজন চাষাবাদ শুরু করেছেন। এখান থেকে দুই কিলোমিটার উত্তরে গোবরার বিলে গিয়েই পাওয়া গেল নদীর আসল চেহারা।

মাহবুব সিদ্দিকী বলেন, উৎসমুখটি খনন করতে পারলেই নদীটি আবার প্রবাহ ফিরে পাবে। সেচে নদীর পানি ব্যবহার করতে পারলে এলাকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।