নদীতীরে ইয়ার্ড ও জেটি, তিনজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত সেতুর পাশে কর্ণফুলী নদীর তীর দখল করে ইয়ার্ড ও জেটি নির্মাণ করায় তিন ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাশেম এ অভিযান পরিচালনা করেন।
বন্দর সূত্র জানায়, শাহ আমানত সেতুর উজানে কর্ণফুলী নদীর তীর দখল করে আবদুর রহমান নামের এক ব্যক্তি নৌযান নির্মাণের ইয়ার্ড গড়ে তোলেন। এই ইয়ার্ডে মাছ ধরার নৌযান নির্মাণ করা হতো। এ অপরাধে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সেতুর অদূরে বালুর বস্তা ফেলে অস্থায়ী জেটি নির্মাণ করেছিলেন মো. জাহাঙ্গীর ও আবদুস সাত্তার নামের দুই ব্যক্তি। এই অস্থায়ী জেটিতে পণ্য ওঠানো-নামানোর কাজ চলত। এই দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জেটিতে অবস্থানরত লাইটার জাহাজ শেখ এন্টারপ্রাইজে অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, জরিমানা আদায়ের পাশাপাশি এক সপ্তাহের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।