নদীতীরে নিখোঁজ ব্যক্তিদের জন্য স্বজনদের প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারের সন্ধান গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নদীতীরে প্রহর গুনছেন স্বজনেরা।
গতকাল সকাল নয়টায় উদ্ধারকাজে যোগ দেয় নৌবাহিনীর ১৩ সদস্যবিশিষ্ট একটি বিশেষ দল। দলের সদস্যরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধারকাজ শুরু করেন। হাইমচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরোয়ার কামাল বলেন, নিখোঁজ ব্যক্তি ও ট্রলারের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা নির্দিষ্ট করে দুর্ঘটনাস্থল দেখাতে না পারায় উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে।
এদিকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরাও উদ্ধারকাজে যোগ দিয়েছেন। কেউ কেউ প্রতীক্ষা করছেন নদীতীরে। নিখোঁজ স্বজনের খোঁজে প্রতীক্ষারত মো. টিটু বলেন, ‘আমার বোন ও তাঁর সন্তানকে খুঁজে পাচ্ছি না। প্রশাসনের কাছে আমার দাবি, অন্তত লাশগুলো যেন দাফন করার সুযোগ পাই।’
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় চাঁদপুরের হাইমচরের তেলির মোড় থেকে ঈশানবালা চরের উদ্দেশে রওনা দেয় রবিন পরিবহন নামে ওই ট্রলারটি। ঘন কুয়াশার কারণে মাঝনদীতে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে ধাক্কা খেয়ে ৫০ জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। প্রশাসনের পক্ষ থেকে নয়জন নিখোঁজের তালিকা করা হয়েছে, যাদের অধিকাংশই শিশু।