নদীতীরের মাটি ইটভাটায়
শরীয়তপুরে নদীর তীর ও ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। মাটি কাটার ক্ষেত্রে কোনো নিয়ম মানছেন না ইটভাটার মালিকেরা। কয়েকটি এলাকায় নির্বিচারে মাটি কাটার কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার বলে আশঙ্কা করা হচ্ছে। আইন লঙ্ঘন করে এ জেলার বিভিন্ন এলাকার জনবসতিপূর্ণ এলাকায় নির্মাণ করা হয়েছে ভাটা। এতে পরিবেশদূষণের পাশাপাশি ফসলের উর্যাপাদনও কমে যাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরে ৩২টি ইটভাটা আছে। এর মধ্যে অনুমোদন রয়েছে ২৫টির। বাকি সাতটির অনুমোদন দেওয়া হয়নি। শরীয়তপুরের ৩২টি ইটভাটার মালিকেরা সদর উপজেলার ঘাগরিজোড়া, ডুমচার, আটং, বড়াইল, জাজিরার বিলাসপুরসহ বিভিন্ন এলাকার ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন।সদর উপজেলার দড়িচর, দাদপুর, উপরগাঁও, বড়াইল এলাকার কীর্তিনাশা নদীর তীর থেকে এলআরবি, আরবিএম ও নাগ ব্রিক নামের ইটভাটার শ্রমিকেরা মাটি কেটে নিচ্ছেন। এসব এলাকার জমির মালিকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে মাটি কাটা হয়। সদর উপজেলার ডগ্রি, নশাসন ও লাউখোলা এলাকায় নদীর তীর থেকে খান ও জেবিএম ব্রিক নামের দুটি ভাটার শ্রমিকেরা মাটি কেটে ইটভাটায় নিয়ে ইট তৈরির কাজে ব্যবহার করছেন। তীর থেকে মাটি কাটায় নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দাদপুর গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন বলেন, প্রতিবছর এ এলাকা থেকে নদীর তীর কেটে ইটভাটায় মাটি নেয়। বর্ষা মৌসুমে এখানে ভাঙন দেখা দেয়। দাদপুর, দড়িচর ও আটং এলাকায় ভাটায় ব্যবহারের জন্য তিনটি বিদ্যুতের খুঁটির চারপাশ থেকে মাটি কাটা হয়েছে। এতে বিদ্যুতের খুঁটি ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় এসব খুঁটি ভেঙে পড়ে বিদ্যুর্যা-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটং এলাকায় এমআরবি এবং দাদপুর দড়িচর এলাকা থেকে এলআরবি ও আরবিএম ব্রিকস মাটি কেটেছে। রুদ্রকর এলাকার আরবিএম ব্রিকসের মালিক রিটন সাহা বলেন, ‘ঠিকাদারের মাধ্যমে আমরা মাটি কিনি। তারা কোথা থেকে মাটি আনে, তা আমরা জানি না।’জাজিরা উপজেলার লাউখোলা গ্রামের এক কিলোমিটার জায়গার মধ্যে পাঁচটি ইটভাটা রয়েছে। এগুলো হলো পদ্মা, যমুনা, বিসমিল্লাহ ম্যানুফ্যাকচারিং, এবিকে ও বিবিটি ব্রিকস। জনবসতি এলাকার মধ্যে ও বাজারের পাশে এসব ভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটার চিমনি থেকে বের হওয়া কালো ধোঁয়ায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের একই জায়গায় তিনটি ভাটা আছে। এগুলো হলো: এলআরবি, এমকেএম, আরবিএম ব্রিকস। রুদ্রকর নীলমনি উচ্চবিদ্যালয়, রুদ্রকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালারবাজার-সংলগ্ন ভাটাগুলো স্থাপন করা হয়েছে। রুদ্রকর নীলমনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ‘জনবসতি এলাকায় ভাটা করার অনুমতি স্থানীয় প্রশাসন কীভাবে দিয়েছে আমাদের বোধগম্য নয়। ভাটার কারণে বিদ্যালয় ও বাজারের সমস্যা হচ্ছে।’শরীয়তপুরে অনুমোদন না নিয়েই সাতটি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। এগুলো হলো: সদর উপজেলার নাগ ব্রিকস, গোসাইরহাট উপজেলার নীলয় ব্রিকস, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং, ভেদরগঞ্জ উপজেলায় মেঘলা ব্রিকস, ন্যাশনাল ব্রিকস, এমআইডি ব্রিকস ও নড়িয়া উপজেলায় খান ব্রিকস। এগুলোর মালিকেরা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। এমআইডি ব্রিকসের মালিক মাহাবুবুর রহমান বলেন, গত বছর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে। ইটভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবুল বলেন, ‘ফসলি জমি ও নদীর তীরের মাটি না পেলে ইট প্রস্তুত করব কীভাবে?’ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবি আবদুল্লাহ বলেন, ‘নদীর তীর থেকে মাটি কাটার জন্য কাউকে জেলা প্রশাসন অনুমোদন দেয়নি। একই এলাকায় একাধিক ইটভাটা গড়ে ওঠার বিষয়টি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’