নদীতীরের মাটি ইটভাটায়
বরগুনার বামনা উপজেলার বিষখালী নদীর তীরজুড়ে ভাঙন চলছে। পাশাপাশি ভাঙনকবলিত এলাকার নদীর চর থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। শরীয়তপুরে নদীতীরের জমি ভাড়া নিয়ে সেখান থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে।বামনার বিষখালী নদীর তীরবর্তী অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে চলছে নদীভাঙন। এলাকার শত শত পরিবার ভাঙনের আতঙ্কে আছে। অথচ স্থানীয় দালাল নিয়োগ করে ভাঙনকবলিত এলাকার নদীর তীর থেকে মাটি কেটে নিচ্ছেন বামনা ও পাশের ঝালকাঠি জেলার রাজাপুর, কাঠালিয়া, আমুয়া এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেশ কয়েকটি ইটভাটার মালিকেরা।স্থানীয় ব্যক্তিরা জানান, শত শত শ্রমিক প্রতিদিন ভাঙনকবলিত এলাকার মাটি নির্বিঘ্নে কেটে ট্রলারে ভরে অন্যত্র নিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, চেচান, কালিকাবাড়ী, কলাগাছিয়া, রুহিতা, রামনা, চলাভাঙ্গা, উত্তর কাকচিড়া এলাকা থেকে নদীতীরের মাটি কেটে ইঞ্জিনচালিত নৌকায় তুলছেন শ্রমিকেরা। এলাকায় দালাল নিয়োগ করে ভাটার মালিকেরা এখান থেকে মাটি কেটে ইটভাটাগুলোয় নিয়ে যান। এতে ট্রলারপ্রতি দালালেরা ২০০ আর শ্রমিকেরা ১৭০-১৮০ টাকা করে মজুরি পান। এলাকাবাসীর অভিযোগ, কাটাখালী গ্রামের ইউসুফ মিয়া নামের এক মুদি ব্যবসায়ী নদীতীরের মাটি বিক্রির সঙ্গে জড়িত। তিনি কাটাখালী এলাকার বিষখালী নদীর চরের মাটি বিক্রির মূল হোতা। ইউসুফ মিয়া বলেন, ‘চরের ওই অংশের জমি আমার। গাঙ্গে ভাইঙ্গা যাইতাছে। তবু এক ট্রলার মাডি বেইচ্চা ২০০ টাকা পাইলে ক্ষতি কী? মাডি তো আর মুই একলা কাটি না।’বামনা সদর ইউপি চেয়ারম্যান এনায়েত কবির হাওলাদার বলেন, গত ৫০ বছরে বিষখালী নদীর ভাঙনে বামনার বিস্তীর্ণ জনপদ বিলীন হলেও ভাঙন ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু, নদীর পাড় থেকে অবাধে মাটি কাটা হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড বরগুনার শাখা কর্মকর্তা আবু হানিফ বলেন, নদীতীরের মাটি কাটা অবৈধ। মাটিখেকোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুর সদর উপজেলার চরযাদবপুর, চরচটাং ও দরিচর এলাকায় কীর্তিনাশা নদীর তীর থেকে প্রতিদিন ৪০-৫০ ট্রাক মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। এ কারণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তীর সংরক্ষণ ব্লক বাঁধে ভাঙন দেখা দিয়েছে।পাউবো ও স্থানীয় সূত্র জানায়, চরচটাংয়ে ব্লক বাঁধের এলাকা থেকে মাটি কেটে নেওয়ায় বাঁধের ২০ মিটার এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে। এ ছাড়া ওই এলাকায় বিদ্যুতের ছয়টি খুঁটি ঝুঁকিতে রয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবদুর রব মোল্লা নদীতীরবর্তী জমির মালিকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন।চরচটাং গ্রামের হুমায়ুন কবির, রাশেদ মোড়ল ও এয়াকুব আলী জানান, নদীর তীর থেকে গভীর করে যেভাবে মাটি কাটা হচ্ছে, তাতে আগামী বর্ষা মৌসুমে এই এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ব্লক বাঁধের কাছ থেকে মাটি কাটায় বাঁধটি ঝুঁকিতে পড়েছে।জমির মালিক জব্বার মোড়ল বলেন, ‘নদীতীরবর্তী জমি আমাদের পৈতৃক সম্পত্তি। প্রতি শতাংশ জমি আট হাজার টাকায় দুই মাসের জন্য ভাড়া দিয়েছি। তাঁরা যত খুশি সেখান থেকে মাটি নিতে পারবেন।’মাটি বিক্রেতা ইউপি সদস্য আবদুর রব মোল্লা বলেন, ‘মালিকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে মাটি কাটা হয়েছে। সেই মাটি ইটভাটায় বিক্রি করি। এতে অন্যায় কিছু হয়নি।’পাউবো শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, ‘বাঁধের কাছ থেকে মাটি কেটে নেওয়ার কোনো অভিযোগ পাইনি। এলাকার মানুষের কাছ থেকে অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’