নদীতীরের মাটি কাটার মহোৎসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় গোমতী নদীর উভয় পারের প্রায় ৬৪ কিলোমিটার এলাকাজুড়ে চলছে মাটি কাটার মহোৎসব। শীত এলেই একশ্রেণীর অসাধু সংঘবদ্ধ চক্র নদীর ভেতরের মাটি কেটে সাবাড় করছে। এতে করে নদীর বাঁধের ভেতরের গাছপালা ধ্বংস হচ্ছে। একই সঙ্গে নদীতীরের রবিশস্যসহ সবজিখেত বিনষ্ট হচ্ছে; হুমকির মুখে পড়ছে নদীর দুই কূলের বাঁধ। পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। জানতে চাইলে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘গোমতী নদীর বাঁধের ভেতর থেকে মাটি কাটা কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না। মাটিখেকো চক্র খুবই বেপরোয়া। গোমতী নদীকে রক্ষা করতে হলে কুমিল্লার রাজনীতিবিদদের এককাট্টা হয়ে এগিয়ে আসতে হবে। অন্যথায় এ নদীর বাঁধ ধ্বংস হয়ে ঝুঁকিতে পড়বে নগরবাসী। আমাদের একার পক্ষে ওই চক্রকে প্রতিহত করা সম্ভব নয়।’ গতকাল দুপুরে গোমতী নদীর উভয় পাড় ঘুরে দেখা গেছে, নদীর ডান পাশের ৩২ দশমিক ৫০ কিলোমিটার এবং বাম পাশের ৩১ দশমিক ২৫ কিলোমিটার এলাকায় সহস্রাধিক ট্রাক্টর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও বসতবাড়িতে নিচ্ছে। ভারত সীমান্তবর্তী এলাকা কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার থেকে বুড়িচং উপজেলার কংসনগর পর্যন্ত নদীর উভয় তীরে মাটি কেটে ট্রাক্টর দিয়ে নেওয়া হচ্ছে। নগরের টিক্কারচর, চান্দপুর সেতু, কাপ্তানবাজার, ভাটপাড়া, বদরপুর, পালপাড়া, বানাসুয়া, আড়াইওড়া, আমতলী, গোবিন্দপুর ও কংসনগর এলাকায় দেদার চলছে মাটি কাটার কাজ। মাটি আনা-নেওয়ার কারণে গোমতীর বাঁধও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধের পাকা সড়কের পিচও উঠে গেছে। এর মধ্যে টিক্কারচর, চান্দপুর, ভাটপাড়া, আড়াইওড়া ও আমতলীতে গাছপালা ধ্বংস করে মাটি কাটা হচ্ছে। সেখানকার তালগাছ, নারকেলগাছ, বাঁশমুড়া ও অন্যান্য গাছের মূলগুলো দেখা যাচ্ছে। এসব গাছের চারপাশের সব মাটিই কেটে নেওয়া হয়েছে।মাটি বহনকারী একাধিক ট্রাক্টরচালক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, প্রতি ট্রাক্টর মাটি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নদীর দুই পারের ২০টি ঘাট থেকে মাটি কাটা হচ্ছে। কাপ্তানবাজার এলাকায় পুতুল মেম্বার, চারু মিয়া, বাহার মিয়া, মোহন মিয়া, শাহেদ আলী, ভাটপাড়া এলাকার সাবেক কাউন্সিলর আকছিরুল বাসার, বদরপুর রেলসেতু এলাকায় আড়াইওড়ার বজলুল হকসহ বড় ধরনের একটি চক্র শীত এলেই নদী থেকে মাটি কাটা শুরু করে। কুমিল্লার আলেখাঁরচর ও আশপাশের ইটভাটায় এসব মাটি যাচ্ছে বলে ট্রাক্টরচালকেরা জানিয়েছেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আকছিরুল বাসার দাবি করেন, মাটি কাটায় তিনি জড়িত নন। পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আখতারুজ্জামান ফরহাদ বলেন, ‘ডিসেম্বর মাসের শুরু থেকেই মাটি কাটার ধুম পড়েছে। আমি বাঁধে যাওয়ার আগেই ট্রাক্টর ফেলে চালক ও শ্রমিকেরা চলে যান। ডিসেম্বর মাসে চারটি ট্রাক্টরকে এক লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পরও মাটি কাটা বন্ধ নেই।’ সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক সেলিম রেজা বলেন, ‘অবাধে মাটি কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নদীপারের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামনের বর্ষা মৌসুমে বড় ধরনের পাহাড়ি ঢল নামলে বাঁধের দুই পাড়ের বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হবে। প্রশাসন তৎপর নয় বিধায় সংঘবদ্ধ চক্র মাটি কাটছে। দ্রুত সেটি বন্ধ হওয়া দরকার।’কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘পরিবেশের জন্যই গোমতী নদীকে রক্ষা করতে হবে। শিগগিরই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি কাটা বন্ধ করা হবে।’