নদীতীরের মানুষ দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা শুরু হতে না-হতেই ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও বগুড়ার ধুনটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত কয়েক দিনে এসব এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদের তীরবর্তী হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
কুড়িগ্রাম: জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহাফুজার রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রে ৪২ সেন্টিমিটার, দুধকুমারে ১৫ সেন্টিমিটার ও তিস্তায় ১৯ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রৌমারী, রাজারহাট, ফুলবাড়ী ও রাজীবপুরের ৪২টি ইউনিয়নের চরাঞ্চল প্লাবিত হয়েছে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা, চর পার্বতীপুর, নুনখাওয়ার মাঝেরচর, উলিপুরের হাতিয়া ও বুড়াবুড়ি এবং চিলমারীর জোড়গাছসহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে এসব এলাকায় দেড় শতাধিক ঘরবাড়ি ভাঙনের শিকার হয়েছে।
জেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, গত কয়েক দিনে জেলার প্রায় তিন হাজার হেক্টর জমির সবজি, চিনাবাদাম, পাটসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। ভেসে গেছে তিন শতাধিক পুকুরের মাছ।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর বলেন, তাঁর এলাকার তিন হাজার পরিবার এখন পানিবন্দী। গতকাল শনিবার সকালেই যাত্রাপুর হাটে আসার সময় ব্রহ্মপুত্র নদের প্রবল ঘূর্ণিতে গরু বহনকারী একটি নৌকা ডুবে এক গরু ব্যবসায়ীর আটটি গরু মারা গেছে। পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান আমীর আলী বলেন, তাঁর ইউনিয়নে আড়াই হাজার পরিবার এখন পানিবন্দী।
গাইবান্ধা: জেলা পাউবো সূত্রে জানা যায়, গতকাল শনিবার ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া যমুনা, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীর পানিও বাড়ছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া বলেন, গত তিন দিনে জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, হরিপুর, সদর উপজেলার মোল্লারচর, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর, গজারিয়া, এরন্ডাবাড়ি, উদাখালী, উড়িয়া ও সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তিনি আরও জানান, ব্রহ্মপুত্র নদের ভাঙনে গত শুক্রবার বিকেল চারটা থেকে গতকাল বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ফুলছড়ি উপজেলার সিংরিয়া, রতনপুর ও গণকবর এলাকার অন্তত ১৫ বাড়ি বিলীন হয়েছে। এসব এলাকায় ভাঙন রোধে জরুরি প্রতিরক্ষামূলক কাজের জন্য পাঁচ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে কাজও শুরু হয়ে গেছে। পৌর মেয়র আবদুল্লাহ আল-মামুন বলেন, গত শুক্রবার সুন্দরগঞ্জ পৌর এলাকার রামডাকুয়া সেতু প্লাবিত হয়ে উপজেলা সদরের সঙ্গে ২০ গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, গতকাল পর্যন্ত কী পরিমাণ এলাকা প্লাবিত হয়েছে তার হিসাব পাওয়া যায়নি। তবে ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
নীলফামারী: পাউবোর ডালিয়া ডিভিশন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল শনিবার ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে সকালে পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও তা বেড়ে সন্ধ্যা ৬টায় ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার। এতে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ২০ গ্রাম প্লাবিত হয়েছে। টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, গত রাত থেকে তিস্তার নদী বেড়ে ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এতে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।
ধুনট: জেলা পাউবো সূত্রে জানা যায়, যমুনা নদীর সারিয়াকান্দি উপজেলায় নির্মাণাধীন বন্যানিয়ন্ত্রণ বাঁধ গত শুক্রবার বিকেলে ভেঙে যায়। যমুনার আকস্মিক পানি বৃদ্ধিতে কামালপুর ইউনিয়নের গোদাখালী গ্রামের কাছে বাঁধের ৩০০ মিটার ভেঙে যায়। এতে ধুনটের চিকাশি ও গোসাইবাড়ী ইউনিয়নের ১০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। পাউবোর সহকারী প্রকৌশলী নাজমুল হক বলেন, বগুড়ার দুই ঠিকাদার প্রতিষ্ঠান পারিসা ট্রেড সিস্টেম লিমিটেড ও লিয়াকত আলী কনস্ট্রাকশন মিলে বাঁধটি নির্মাণের কাজ করে। এর তত্ত্বাবধানের দায়িত্বে ছিল নৌবাহিনী। ৭০ ভাগ কাজও শেষ হয়ে গিয়েছিল। পানি নেমে গেলে বাঁধের ভাঙা স্থানে আবারও কাজ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বাঁধভাঙা পানিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।