নদীতে অবৈধ বাঁধ মাছের পোনা ধ্বংস
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় মরা পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে। এতে একদিকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে, অন্যদিকে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ অপতৎপরতা চালাচ্ছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, দৌলতদিয়া লঞ্চঘাট থেকে দক্ষিণে কয়েক শ গজ দূরে পদ্মা নদীর এক পাশ থেকে অন্য পাশে সামান্য জায়গা রেখে কয়েক শ বাঁশ দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। পরে মাঝবরাবর ভেসাল (মাছ ধরার বিশেষ ফাঁদ) জাল পাতা হয়েছে। এতে ওই জালে রুই, কাতলা, টেংরা, পুঁটি, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ আটকা পড়ছে। এ জালে আটকে বিভিন্ন প্রজাতির মাছের পোনাও ধ্বংস হচ্ছে। বাঁধ দেওয়ার কারণে নৌকা, ট্রলারসহ বিভিন্ন নৌযান চলাচলে সমস্যা হচ্ছে। স্থানীয় রাশেদুল প্রামাণিক, জয়নাল মণ্ডলসহ চারজন বাঁধ দিয়ে মাছ ধরছেন।উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয়। ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে উল্লেখ করা হয়েছে, নদীতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ ধরা যাবে না। এ কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ওই ব্যক্তিকে প্রথমবারের জন্য ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হবে।গোয়ালন্দ লঞ্চঘাট এলাকায় বাঁধ দেওয়ার বিষয়ে সাঈদ আহমেদ বলেন, বাঁধের মালিক জয়নাল মণ্ডলকে আজ (সোমবার) থেকে তিন দিনের মধ্যে বাঁধটি সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছে। এর মধ্যে বাঁধ না সরালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদুল আজহার কারণে প্রতিবছর দৌলতদিয়ার ক্যানেল ঘাট থেকে গবাদিপশুবোঝাই শত শত ট্রলার মানিকগঞ্জের আরিচাসহ বিভিন্ন হাটে যায়। কিন্তু নদী আটকে দেওয়ার কারণে এক পাশ দিয়ে গবাদিপশুবোঝাই ট্রলারগুলো ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।রোববার সকালে সরেজমিনে গোয়ালন্দ লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, রাশেদুল প্রামাণিক ভেসাল জাল উঠিয়ে মাছ সংগ্রহ করছেন। তিনি বলেন, তিনি, জয়নাল মণ্ডল ও আরও দুজন মিলে তিন দিন আগে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে নদীতে বাঁধ দিয়েছেন। প্রতিদিন তাঁরা দুই হাজার থেকে তিন হাজার টাকার মাছ বিক্রি করেন।রাশেদুল প্রামাণিক আরও বলেন, বাঁধ দেওয়ার কারণে বড় বড় নৌকা চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। তিনি বলেন, ‘যে টাকা খরচ করে এখানে বাঁধ দিয়েছি, তা উঠবে না বলে মনে হচ্ছে। এ জন্য কয়েক দিন পরই এখান থেকে বাঁধটি সরানো হবে।’ট্রলারচালক লাল মিয়া বলেন, যাঁরা নদীতে বাঁধ দিয়ে ভেসাল পেতে মাছ শিকার করছেন, তাঁরা কিছুটা হলেও সমাজের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। এ কারণে অনেকেই চলাচলে সমস্যা হলেও কিছু বলতে সাহস পায় না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরার বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। দ্রুত না সরালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাঁধের সব সরঞ্জাম জব্দ করে তা ধ্বংস করা হবে।