ঢাকা-পটুয়াখালী নৌপথে পটুয়াখালী নদীবন্দরের প্রবেশমুখ লোহালিয়া নদীসহ বিভিন্ন নদীতে অসংখ্য চর ও ডুবোচর গড়ুে ওঠায় নৌযানগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়ই ভাটার সময় চরে নৌযান আটকে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।ঢাকা-পটুয়াখালী নৌপথের বুড়াগৌরাঙ্গ, আগুনমুখা, আন্ধারমানিক, গজারিয়াসহ কয়েকটি নদীর বিভিন্ন স্থানে অসংখ্য চর ও ডুবোচর গড়ে উঠেছে। পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষ এসব এলাকার প্রায় সাত কিলোমিটার খননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠালেও এখনো খননকাজ শুরু হয়নি। এ কারণে যেকোনো সময় পটুয়াখালীর সঙ্গে ঢাকার নৌযোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করছেন নৌযানের চালকেরা।পটুয়াখালী নদীবন্দর থেকে প্রতিদিন অন্তত তিনটি বড় লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, আবার ঢাকা থেকেও তিনটি লঞ্চ যাত্রী ও মালামাল নিয়ে এই বন্দরে আসে। এ ছাড়া এই বন্দরের লোহালিয়া নদীর চ্যানেল দিয়ে গলাচিপা ও কলাপাড়ায় দুটি করে লঞ্চ চলাচল করে। বছর দুয়েক আগে লোহালিয়া নদীর নাব্যতা কমে যাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সে সময় নদী খনন করে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখে।পটুয়াখালী-ঢাকা নৌপথে চলাচলকারী লঞ্চ আঁচল-৫-এর সুকানি (চালক) জাকির হোসেন জানান, পটুয়াখালী বন্দরের লঞ্চঘাটে ঢোকার মুখে লোহালিয়া নদীর মোহনায় বিশাল চর জেগেছে। চ্যানেল ছোট হয়ে গেছে। ভাটার সময় ঘাটে লঞ্চ ভেড়ানো যায় না। এ ছাড়া নদীর ঝিলনারটেক ও প্রতাপপুর এলাকায়ও বিশাল চর জেগে উঠেছে। তা ছাড়া অসংখ্য ডুবোচর তো আছেই। সুন্দরবন-৬ লঞ্চের মাস্টার আলমগীর হোসেন বলেন, পটুয়াখালী লঞ্চঘাট থেকে ঝিলনা হয়ে কারখানা লঞ্চঘাট পর্যন্ত লোহালিয়া নদীর প্রায় ২০ কিলোমিটারে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায়ই যাত্রী নিয়ে ডুবোচরে আটকে ঘণ্টার পর ঘণ্টা জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়। এ সময় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, খননকাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই পথে নৌযান চলাচল স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক চিঠি পাঠানো হয়েছে।