নদীতে আড়াআড়িভাবে নির্মিত হচ্ছে সড়ক
খুলনার পাইকগাছা (পাইকগাছা-কয়রা) উপজেলার কাটখালি নদী আটকিয়ে আড়াআড়িভাবে সড়ক নির্মাণ করা হচ্ছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় এই সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্প ব্যয় প্রায় ছয় লাখ টাকা (৩০ মেট্রিকটন গম)। সাংসদের নামে বরাদ্দ অর্থ দিয়ে এই সড়ক ও কালভার্ট নির্মাণ করা হচ্ছে। প্রথমে এখানে মাটির কাজ হবে। তারপর ইটের সলিং ও পরে নদীর মধ্যে তিন ফুট আয়তনের একটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। সরেজমিনে দেখা গেছে, উত্তর কৃষ্ণনগর থেকে নদীর দক্ষিণ পাড় পর্যন্ত মাটির কাজ করে রাখা হয়েছে। নদীর বেশির ভাগ অংশ ভরাট হয়ে গেছে। এ কারণে নদীর প্রস্থ অনেক কমে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার দেবদুয়ার গ্রামের কাটাখালি বাজার থেকে উত্তর কৃষ্ণনগর পর্যন্ত কাটাখালি নদীর ওপর দিয়ে একটি সড়ক নির্মাণ করা হচ্ছে। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। সড়ক নির্মাণ করার জন্য নদীতে ছোট একটি কালভার্ট নির্মাণ করা হবে। এ কারণে পলি জমে কালভার্টের মুখ বন্ধ হয়ে যাবে। তখন এই এলাকার প্রায় ১৫ হাজার হেক্টর জমি বছরের আট মাস পানিতে ডুবে থাকবে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে। এলাকাবাসী চায়, এখানে একটি স্লুইসগেট নির্মাণ করা হোক।জ্যোতিষ চন্দ্র সরকার (৮৪) বলেন, ‘এই নদীতে এখন জোয়ারের পানি আসে। বর্ষাকালে এ নদী দিয়ে পানি সরে। ফলে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় না।’ দেবদুয়ার গ্রামের সবুজ মণ্ডল জানান, এই নদীতে কালভার্ট তৈরি করলে তা দিয়ে বর্ষার পানি সরবে না। তখন এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের কাজ মাত্র শুরু হয়েছে। মাটির কাজ শেষ হলে ইটের ও কালভার্টের কাজ হবে।’ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি চাঁদখালি ইউপি চেয়ারম্যান মনসুর হাজী বলেন, ‘আমাদের মাটির কাজ অর্ধেক হয়েছে। মাটির কাজ শেষ হলে ইটের কাজ করব। তারপরে নদীর মধ্যে একটি পাইপ দেওয়া হবে। যাতে পানি সরে যেতে পারে।’ খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব আলী বলেন, ‘আমি আপাতত তিন ফুটের একটি কালভার্ট দিচ্ছি। এর পরে এলজিইডি থেকে ৫০-৬০ ফুটের একটি দেওয়ার ব্যবস্থা করব। আর নদী তো বন্ধ হয়ে গেছে। আমাদের এলাকার নদীগুলো খনন করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে ছোটাছুটি করছি। নদী খনন না করা গেলে আমাদের পানিবন্দী হয়ে পড়তে হবে।’