নদীতে উদ্ধার হওয়া লাশটি ভারতীয়র
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদ থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা লাশটির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম টি এলেন মুমিন (৬৯)। তিনি ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বাঘমারা থানার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুজ্জামান বলেন, গতকাল জেলা সদর হাসপাতালে লাশটির ময়নাতদন্ত করা হয়েছে। প্রশাসনিক অনুমতি পাওয়া গেলেই লাশটি হস্তান্তর করা হবে।
নালিতাবাড়ী থানা ও নাকুগাঁও অভিবাসন পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে নয়াবিল বাজার এলাকার ভোগাই নদের ঘাট থেকে লাশ উদ্ধার করে পুলিশ। বেশ কয়েক দিন ধরে পানিতে ভেসে থাকায় লাশটির বিভিন্ন অংশ পচে যায়। এটি ভারতের সীমান্ত থেকে নদী দিয়ে ভেসে আসতে পারে বলে ধারণা করা হয়। শুক্রবার রাতে পুলিশের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে ভারতের বাঘমারা থানায় লাশের ছবি পাঠানো হয়। ওই থানার পুলিশ ছবি দেখে লাশটি শনাক্ত করে। গতকাল শনিবার বাঘমারা থানার পুলিশ নাকুগাঁও অভিবাসন পুলিশের কাছে লাশটির পরিচয় দিয়ে হস্তান্তরের জন্য চিঠি পাঠায়।
নাকুগাঁও অভিবাসন পুলিশের সদস্য মো. আবুল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, নাকুগাঁও স্থলবন্দরের শূন্যরেখা (জিরো পয়েন্ট) দিয়ে লাশটি হস্তান্তর করা হবে।