নদীতে কিশোরের লাশ, উদ্ধার তৎপরতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি নৌকাডুবির দুই দিন পর আজ শনিবার সকালে ছেত্রা নদীতে অজ্ঞাতনামা এক কিশোরের লাশ ভেসে উঠেছে।

আজ সকাল আটটার দিকে নৌকাডুবির ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে উপজেলার কাকুড়িয়া গ্রামের পাশে লাশটি ভেসে ওঠে। এ খবর স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশকে জানালেও বেলা ১১টা পর্যন্ত তা উদ্ধারে কোনো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে উপজেলার কাকুড়িয়া গ্রামের পাশে ঘাসবনের সঙ্গে অজ্ঞাত এক কিশোরের লাশ ভাসতে দেখেন গ্রামবাসী। পরে তাঁরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দেন। কিন্তু বেলা ১১টা পর্যন্ত লাশটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়নি।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, ‘লাশের পরিচয় পাওয়া যাচ্ছে না। তাই চেয়ারম্যানকে বলেছি স্বজনদের খোঁজ পাওয়া গেলে তাঁদের লাশ দিয়ে দিতে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন বেলা ১১টায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি দেখছি।’

গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রাম থেকে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা অরুয়াইল বাজারের দিকে যাচ্ছিল। পৌনে ১০টার দিকে ছেত্রা নদীর রানিদিয়া এলাকায় যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন মা-মেয়েসহ তিনজনের লাশ উদ্ধার করে। অন্যরা সাঁতার দিয়ে তীরে উঠলেও নিখোঁজ থাকেন তিনজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাজমুন্নাহার (১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নাজমুন্নাহার অরুয়াইল ইউনয়নের দুবাজাইল গ্রামের আরব আলীর মেয়ে। সে পাকশিমুল হাজি শিশু মিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।