নদীতে গোসল করতে গিয়ে ছাত্রী নিখোঁজ, দুদিনেও উদ্ধার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পরও দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারকে (১৫) উদ্ধার করা যায়নি। গত সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে সে বাড়ির পাশে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
সুমাইয়া আক্তার উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দরমারা গ্রামের শরবেশ খানের মেয়ে। সে উপজেলা সদরের মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
এলাকাবাসী বলেন, সোমবার বিকেলে সুমাইয়া তার বড় বোন নারগিস আক্তারের সঙ্গে বংশাই নদে গোসল করতে যায়। নদীতে নামার পর সে পানিতে ডুবে যায়। এ সময় নদীর কিনারায় থাকা লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে মির্জাপুর ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, নদীর ভাটির দিকে সুমাইয়ার মরদেহ গিয়ে থাকতে পারে। এ জন্য এলাকাবাসীকে খেয়াল রাখতে অনুরোধ করা হয়েছে।
মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুমাইয়া বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল। তার নিখোঁজের ঘটনায় সবাই মর্মাহত।