নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের সদর উপজেলার দশআনী নদীতে গোসল করতে নেমে মো. হাসু মিয়া (১৯) নামের এক কলেজছাত্র মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

হাসু উপজেলার বলাইয়েরচর কান্দাপাড়া গ্রামের বুরুজ আলীর ছেলে। তিনি জমশেদ আলী মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসু তাঁর দুই বন্ধু খোরশেদ ও শহিদুলকে নিয়ে সদর উপজেলার বলাইয়েরচর গ্রামের দশআনী নদীতে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতে হাসু নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হলেও তাঁর অন্য দুই বন্ধু সাঁতরে তীরে ওঠেন। গত শুক্রবার রাতভর ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ স্থানীয় লোকজন অনেক
খোঁজাখুঁজি করেও তাঁর (হাসু) সন্ধান পায়নি।

পরে গতকাল বেলা একটার দিকে বলাইয়েরচর গ্রামের আধা কিলোমিটার দূরে দশআনী নদীর চকসাহাব্দী ফকিরগঞ্জ এলাকায় হাসুর লাশ ভেসে ওঠে। এ সময় এলাকাবাসী তাঁর লাশ উদ্ধার করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। মো. হাসু মিয়ার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।