নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জের ডাকাতিয়া নদীতে গতকাল রোববার গোসল করতে নেমে সৌরভ বণিক (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
সৌরভ বণিক হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে পড়ত। তার বাবার নাম শিবু বণিক। তাঁরা হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের করিমের বাগান এলাকায় বসবাস করেন।
ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে সৌরভ কয়েকজন সহপাঠীর সঙ্গে ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে। তারা হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডের সাবেক খেয়াঘাট দিয়ে নদীতে নামে। সৌরভ বণিক বালুর পাইপ থেকে নদীতে ঝাঁপ দেয়। এ সময় নদীতে একটি বালুবাহী বাল্কহেড ঘুরে নদীর দক্ষিণ পাড়ে ভেড়ে। স্রোতের তোড়ে সৌরভ পানিতে ডুবে যায়।
খবর পেয়ে বেলা আড়াইটার দিকে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। বেলা তিনটায় চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে। তারা নদীতে তল্লাশি শুরু করে। বিকেল চারটার দিকে চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা সৌরভের লাশ উদ্ধার করেন।