নদীতে গোসলে নেমে ডুবে মরলেন দুই ছাত্র
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাঙ্গালী নদীতে ডুবে আজ রোববার দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
এই দুই শিক্ষার্থী হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষের তাজ আহমেদ (২০) এবং ঢাকার গ্রিনহিল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের রিফাত আলম (১৮)। তাঁরা পরস্পরের খালাতো ভাই।
এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন রিফাতের বোন ও রাজধানীর ইডেন কলেজের ছাত্রী নাদিরা বিনতে নুরেজা ওরফে রিজা (২০), মামাতো বোন নাটোর নবাব সিরাজউদদৌল্লা কলেজের ছাত্রী শামা আকতার (২০) এবং মামাতো ভাই বগুড়ার আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাবু মিয়া (২০)। তাঁদের নদী থেকে উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তাজ ও রিফাতের মামা এবং ভেল্লাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, রিফাত ও রিজা তাঁর ভাগনে-ভাগনি। তাঁরা রাজধানীর মিরপুর এলাকার সেনপাড়া-পর্বতার বাসিন্দা। অসুস্থ নানিকে দেখতে রিফাত ও রিজা তিন দিন আগে তাঁর বাড়িতে আসেন। একই দিনে বগুড়ার শেরপুর থেকে আরেক খালাতো ভাই তাজও নানিকে দেখতে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ ভাইবোন আজ বেলা দুইটার দিকে সারিয়াকান্দির ভেল্লাবাড়ি ফেরিঘাটে বাঙ্গালী নদীতে দল বেঁধে গোসল করতে নামেন। সাঁতার না জানায় প্রথমে একজন ডুবে যান। তাঁকে উদ্ধার করতে গিয়ে একে একে পাঁচজনই নদীতে ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন গিয়ে নদী থেকে তাজ ও রিফাতের লাশ উদ্ধার করে। রিজা, শামা ও বাবুকে উদ্ধার করে বগুড়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
ভেল্লাবাড়ি ইউপির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘নদীতে ডুবে দুই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে বাড়িতে শোকের মাতম চলছে। এলাকাবাসী মর্মাহত।’
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাঁতার না জেনে নদীতে নামার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।