নদীতে ঘের দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি নদীতে গাছের ডালপালা ফেলে, চারপাশে জালের ঘের দিয়ে (স্থানীয়ভাবে ‘ঝোপ’ নামে পরিচিত) মাছ নিধন চলছে। ঝোপ দেওয়ার কারণে নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করে তাঁদের সমর্থকেরা এ কাজ করছেন বলে ওই সব নেতা জানিয়েছেন।জানা যায়, কয়েক মাস ধরে উপজেলার মেঘনা, ব্রহ্মপুত্র ও মেনীখালী নদীর তীরবর্তী, কোথাও কোথাও মাঝ নদীতে ঝোপ দিয়ে মাছ নিধন চলছে। শুরুতে গাছের ডালপালা ফেলে চারদিকে বাঁশের বেড়া ও কচুরিপানা দেওয়া হয়। ভেতরে খাবার দিয়ে মাছ আটকানো হয়। পরে চারদিকে সূক্ষ্ম জাল দিয়ে ঘের দেওয়া হয়। একে বলে ঝোপ। এর ভেতরেই চলে পোনাসহ মাছ শিকার। মেঘনা নদীর আনন্দবাজার, নুনেরটেক ও শম্ভুপুরায় সবচেয়ে বেশি ঝোপ দেখা গেছে। এলাকাবাসী ও মৎস্যজীবীদের হিসাব অনুযায়ী, নদী তিনটিতে কমপক্ষে ছয় শতাধিক ঝোপ পাতা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক সোনারগাঁওয়ের খামারগাঁও গ্রামের এক বাসিন্দা একটি ঝোপ দিয়েছেন। তিনি বলেন, ‘বর্ষাকাল ছাড়া সারা বছরই নদীতে ঝোপ থাকে। একটি বড় ঝোপ থেকে তিন-চার লাখ টাকা আয় হয়। এখান থেকে নেতাদেরও একটা ভাগ দিতে হয়।’উপজেলা মৎস্য কার্যালয় এলাকাবাসীকে সচেতন করে একটি সাইনবোর্ড টাঙিয়েছে। তাতে বলা হয়েছে, ‘নদীতে স্থায়ী স্থাপনার মাধ্যমে ঝোপ দিয়ে মাছ ধরা যাবে না। কেউ এ আইন লঙ্ঘন করলে এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হবে।’স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, মেঘনা নদীর নুনেরটেক, আনন্দবাজার ও শম্ভুপুরা এলাকায় প্রায় ৩৫০টি ঝোপ রয়েছে। এ নৌপথে সিলেট, সুনামগঞ্জ থেকে পাথর-বালুবোঝাই নৌযান নারায়ণগঞ্জে আসে। ব্রহ্মপুত্র নদীর দরিগাঁও থেকে অলিপুরা বাজার পর্যন্ত ১২০টির মতো ঝোপ আছে। এই পথটি ব্যবহার করেন সোনারগাঁও ও আড়াইহাজারের মানুষজন। ছোট ছোট নৌকায় করে নারায়ণগঞ্জ শহর থেকে বিভিন্ন মালামাল ও নির্মাণসামগ্রী গ্রামে নিয়ে যান তাঁরা। অপরদিকে মেনীখালী নদীর বৈদ্যের বাজার থেকে দুধঘাটা পর্যন্ত প্রায় ১৫০টি ঝোপ আছে। এ নৌপথটিও স্থানীয় লোকজন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে নির্মাণসামগ্রী আনা-নেওয়ার কাজে ব্যবহার করেন। এসব ঝোপের কারণে মালবোঝাই নৌযান নারায়ণগঞ্জ শহর থেকে সোনারগাঁও পর্যন্ত আসতে দুই ঘণ্টার স্থলে পাঁচ ঘণ্টা লেগে যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য: নুনেরটেক গ্রামের আওয়ামী লীগের সমর্থক আলী আকবর, সাবেক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য ওসমান গণি, বর্তমান ইউপি সদস্য মো. জিলানীসহ বারদী ইউনিয়নে ক্ষমতাসীন দলের একাধিক নেতা-কর্মী এভাবে মাছ নিধনের সঙ্গে জড়িত বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। বুধবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা সবাই প্রায় এক কথা বলেন। তাঁদের ভাষ্যমতে, তাঁরা কেউ সরাসরি ঝোপ-ব্যবসার সঙ্গে জড়িত নন। তবে তাঁদের সমর্থকেরা নদীতে ঝোপ দিয়েছেন।উপজেলার বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান মাহবুব সরকার জানান, অনেক বছর ধরেই তো নদীগুলোতে ঝোপ দিয়ে মাছ শিকার হচ্ছে। এগুলো দেখার কেউ নেই। এতে মৎস্যসম্পদের অনেক ক্ষতি হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালালে নদীতে ঝোপ দেওয়া বন্ধ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক জানান, প্রয়োজনীয় জনবলের অভাব থাকায় অবৈধ ঝোপ অপসারণ করা যাচ্ছে না।