নদীতে ছাড়ার পর মরে ভেসে উঠল পোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতে ঘটা করে ছাড়া হলো মাছের পোনা। এর মধ্যে অনেক পোনা ছিল মরা। এসব পোনা নিয়ে হূষ্টচিত্তে বাড়ি ফিরে গেল শিশুসহ স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার পুরাতন ব্রহ্মপুত্র নদের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর মোহনায় এ ঘটনা ঘটে। সেখানে সকাল থেকে অপেক্ষা করছিল স্থানীয় লোকজন। মহিবুর, ময়না, আয়নাসহ অনেক শিশু জানায়, প্রতিবছরই এ সময় নদে পোনা ছাড়া হয়। ছাড়ার কিছুক্ষণের মধ্যে মরে ভেসে ওঠে এসব পোনা। তারপর পোনাগুলো নিয়ে যায় স্থানীয় লোকজন। বেলা ১১টার দিকে পোনাবাহী একটি পিকআপ ভ্যান এল। দুপুর ১২টার দিকে ভৈরব উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা অবমুক্তি স্থানে আসেন। পোনা অবমুক্তি কার্যক্রম উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর। কর্মসূচির উদ্বোধনের আগে অতিথি, জেলেসহ উপস্থিত সবাই পিকআপ ভ্যানে পোনা আনতে দেখে বিস্ময় প্রকাশ করেন। দেখা যায়, পিকআপ ভ্যানে স্বল্প পানিতে পোনা রাখা আছে। এর অর্ধেকই ছিল মরা। রুইজাতীয় মাছের চেয়ে নিষিদ্ধ সিলভার কার্পের পোনাই বেশি। ওজন নিয়ে সন্দেহ বাড়ে অতিথিদের। ৫৫০ কেজির মতো পোনা থাকার কথা। অতিথিরা ধারণা করেন, এর অর্ধেকও নেই। দাবির মুখে মেপে পাওয়া যায় মাত্র ১৬০ কেজি। এ নিয়ে ঠিকাদারের সঙ্গে অতিথিদের বাগিবতণ্ডা চলে। একপর্যায়ে ১০ কেজি পোনা মাছ নদের পানিতে ছেড়ে অতিথিরা চলে যান। যাওয়ার সময় মরা পোনা না ফেলতে বলে যান। অতিথিরা যাওয়ার পর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ও সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে চলে মরা পোনা নদীতে ফেলার কাজ। ফেলার পর ঠিকাদারের লোকজন ঠেলে ঠেলে মরা পোনা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখন শিশু ও নারী-পুরুষ মিলিয়ে ৩০ থেকে ৪০ জন নদে নেমে এসব মাছ সংগ্রহ করতে থাকে। ভৈরব উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ভৈরব উপজেলা মৎস্য অফিস গতকাল তাঁরা পোনা অবমুক্তির সিদ্ধান্ত নেন। এ জন্য ঠিকাদার নিয়োগ করা হয় সোনালি মৎস্যখামারের মালিক নাছিরউদ্দিনকে। ১২ দশমিক ৭ থেকে ১৩ সেন্টিমিটার আকারের রুইজাতীয় পোনা মাছ সরবরাহের জন্য প্রতি কেজির দর ধরা হয় ১৮০ টাকা। ওই অনুষ্ঠানের অতিথি উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল মনসুর বলেন, বেশির ভাগ পোনা ছিল মরা। পুরো বিষয়টির মধ্যে অস্বচ্ছতার ছাপ পাওয়া গেছে। সূত্র জানায়, বিগত কয়েক বছর ধরে পোনা মাছ অবমুক্তি নিয়ে উপজেলা পরিষদের কর্মকর্তাসহ অনেকের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস কাজ করছে। গেল বছরের চিত্র ছিল তার চেয়ে ভয়াবহ। গতকাল পোনা অবমুক্তির কিছুক্ষণ পর একাই প্রায় পাঁচ কেজি মরা পোনা তুলে নেন ওই এলাকার বালুশ্রমিক ফারুক মিয়া (৩০)। তিনি বলেন, ‘গতবারও চার-পাঁচ কেজি মাছ পাইছিলাম। তিন কেজির মতো মাছ আহরণ করেন ওই এলাকার রিকশাচালক নজরুল মিয়া।’ তিনি বলেন, ‘পোনা যা ধরছি সব মরা। বেশির ভাগ সিলভার কার্প।’জেলে প্রতিনিধি হিসেবে পোনা অবমুক্তি কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় হুমায়ুন কবির। তিনি বলেন, ব্রহ্মপুত্রের এই স্থানে প্রায় ৫০০ জেলে মাছ ধরে জীবিকা চালায়। এ কারণে এখানে মাছ ফেলা হয়। কিন্তু লাভ হয় না। ইউএনও মো. খোরশেদ আলম বলেন, ‘কয়েক বছর ধরে পোনা ফেলা নিয়ে নানা কথা হচ্ছে। গত বছর গিয়ে দেখি পোনা কম। তিন দফায় নির্ধারিত পোনা অবমুক্ত করতে বাধ্য করেছিলাম। এবারও একই অবস্থা। মরা পোনা ছিল বেশি। ওজনেও কম পাওয়া যায়। বিষয়টি আইনের দৃষ্টিতে দেখা হবে।’ঠিকাদার নাছিরউদ্দিন ওজনে কম ও মরা মাছ থাকার কথা স্বীকার করে বলেন, ‘কীভাবে এটা হলো বুঝতে পারছি না।’ সিলভার কার্প পোনার ব্যাপারে বলেন, ‘অনেক পোনার ভেতর কিছু সিলভার কার্প এসে গেছে।’