
বরিশালে কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকারের সঙ্গে সিমেন্ট তৈরির কাঁচামাল (ফ্লাইঅ্যাশ) বোঝাই কার্গোর মুখোমুখি সংঘর্ষে ট্যাংকারের তলা ফেটে নদীতে তেল ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ ট্যাংকারের খালি অংশে দ্রুত তেল সরিয়ে বড় ধরনের বিপর্যয় ঠেকায়। দুর্ঘটনায় দুটি জাহাজের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে সাড়ে ১৪ লাখ লিটার জ্বালানি তেলবাহী ট্যাংকারের সঙ্গে কার্গোর মুখোমুখি সংঘর্ষ বাধে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয় ও যমুনা অয়েল কোম্পানি সূত্র জানায়, সাড়ে ৭ লাখ লিটার পেট্রল ও প্রায় ১০ লাখ লিটার ডিজেল বোঝাই করে এমটি ফজর নামের তেলবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে মোংলা থেকে ১ হাজার ৬৪ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই এমভি মা-বাবার দোয়া-২ নামে কার্গো ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে অয়েল ট্যাংকার ও কার্গোটি বরিশাল নদীবন্দর-সংলগ্ন কীর্তনখোলা নদীর চরকাউয়া অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটি নৌযানের সামনের অংশ বিধ্বস্ত হয়। তেলবাহী ট্যাংকারের সামনের অংশের তলা ফেটে গিয়ে নদীতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে। দ্রুত ট্যাংকারের খালি চেম্বারে তেল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।
বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা বলেন, দুটি নৌযানের অসতর্কতার জন্য দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর তেলবাহী জাহাজের ডিজেল চেম্বারে তলা ফেটে তেল নদীতে ছড়িয়ে পড়তে থাকে। দ্রুত খালি চেম্বারে তেল সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। দুটি নৌযান বর্তমানে নিরাপদ থাকলেও মেরামত না করে ফ্লাইঅ্যাশবাহী কার্গোটি গন্তব্যে যেতে পারবে না। তেলের ট্যাংকার ও কার্গো বিআইডব্লিউটিএর আওতায় না থাকায় এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে তেল ট্যাংকারের এক কর্মী জানান, দুর্ঘটনায় ৫০ হাজার থেকে ১ লাখ লিটার জ্বালানি বের হয়ে গেছে।
এদিকে ছড়িয়ে পড়া তেল তুলে নিতে নদীর তীরে ভিড় জমায় স্থানীয় ব্যক্তিরা। বিশেষ ব্যবস্থায় নদী থেকে তেল উত্তোলন করায় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বরিশাল যমুনা অয়েল ডিপোর প্রধান মীর মো. ফকরুল আহসান বলেন, দুর্ঘটনায় ডিজেলের চেম্বার অংশে ফুটো হয়ে কিছু তেল নদীতে ছড়িয়ে পড়েছে। তবে সেটা বড় ধরনের বিপর্যয় নয়। এ ঘটনায় ট্যাংকার কর্তৃপক্ষই মামলা করবে।