নদীতে জেলেদের মাছ ধরতে দিচ্ছেন না ছাত্রলীগ নেতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন উন্মুক্ত যমুনা নদীর বাঐখোলা ও খুকশিয়া এলাকায় জেলেদের মাছ ধরতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই এলাকায় মাছ ধরতে যাওয়ায় এক জেলেসহ দুজনকে মারধর করা হয়েছে।
মারধরে আহত ব্যক্তিরা হলেন জেলে নির্মল হালদার ও নৌশ্রমিক জিয়াউদ্দীন। গুরুতর আহত অবস্থায় তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্মল হালদার বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই নদীতে মাছ ধরে আসছি। চলতি বছর থেকে আওয়ামী লীগদলীয় প্রভাবশালীরা এই এলাকায় মাছ ধরতে বাধা দিচ্ছেন। গত বুধবার (৮ অক্টোবর) দুপুরে মাছ ধরতে গেলে ছাত্রলীগের নেতা আলামিনের নেতৃত্বে কয়েকজন বাধা দেন। নদীতে মাছ ধরলে তাঁদের শিকি ভাগ (এক-চতুর্থাংশ) দিতে হবে বলে দাবি করেন। এতে রাজি না হওয়ায় তাঁরা আমাকে মারপিট করেন।’
জিয়াউদ্দীন বলেন, ‘নির্মল হালদারকে মারধরের প্রতিবাদ করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাকে বাড়ি থেকে ডেকে এনে মারধর করেছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করতেও সাহস পাচ্ছি না।’
এ বিষয়ে কাজীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন দাবি করেন, ‘জেলেদের কাছে মাছের শিকি ভাগ চাওয়ার বিষয়টি সত্য নয়। এলাকাটি নদীবেষ্টিত হলেও ওই জমি ব্যক্তিমালিকানাধীন। বন্যার সময় পানিতে ডুবে থাকে। পানি নেমে যেতে শুরু করায় কিছু মাছ সেখানে আটকা পড়েছে। এই মাছগুলো জমির মালিকদের আওতায় পড়ে। নির্মল হাওলাদারকে মারধর করা হয়নি। বরং নির্মলই জমির এক মালিক আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেছেন। বিষয়টি জানার পর আমরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসি। আর জিয়াউদ্দীন একজন গাঁজাখোর। গাঁজা খাওয়া নিয়ে হয়তো মারামারি হয়েছে।’
জেলে ও এলাকাবাসী সূত্র জানান, কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের যমুনা নদীর বাঐখোলা ও খুকশিয়া এলাকার উন্মুক্ত জলাশয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জেলেরা মাছ শিকার করে আসছেন। গত বছর এ দুটি গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে তৎকালীন স্থানীয় সাংসদ তানভীর শাকিলের প্রচেষ্টায় একটি বাঁধ নির্মাণ করা হয়। বাঁধসংলগ্ন এলাকায় বেশি মাছ আসতে শুরু করে। কিন্তু এবার বর্ষার শুরুতে আওয়ামী লীগদলীয় স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে লাল নিশানা টানিয়ে মাছ না ধরার জন্য প্রচার চালান। ছাত্রলীগের ক্যাডাররা প্রতিদিন মোটরসাইকেল নিয়ে এলাকায় টহল দিতে শুরু করে।
কাজীপুর মৎস্যজীবী সমিতির সভাপতি বিমল হালদার বলেন, ‘আমরা এলাকার প্রায় ৫০টি সংখ্যালঘু পরিবার দীর্ঘদিন ধরে মাছ শিকার করে জীবিকা চালিয়ে আসছি। প্রভাবশালী মহলটি আমাদের কাছে নদীতে ধরা মাছের শিকি ভাগ দাবি করছে। এতে রাজি না হওয়ায় কেউ মাছ ধরতে গেলে ছাত্রলীগের ক্যাডাররা মারধর করছে। এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল আজিজের কাছে বিচার চাইলে তিনি উল্টা আমাদের ভয়ভীতি দেখান। এখন প্রশাসনকে জানালে আমাদের মেরে ফেলা হবে বলে তারা হুমকি দিচ্ছে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, দুই পক্ষকে ডেকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামকে বিষয়টি মীমাংসা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, ‘আমি শিগগির উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করব।’
কাজীপুরের ইউএনও সাফিউল ইসলাম বলেন, এলাকাটি উন্মুক্ত নদীবেষ্টিত। এখানে মৎস্যজীবীদের মাছ ধরতে কোনো বাধা নেই।