নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রলার থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন লক্ষ্মণ বারিক নামের (৩৫) এক ব্যবসায়ী। গত সোমবার গভীর রাতে বরিশালের কাউয়ারচর এলাকায় কীর্তনখোলা নদী থেকে লক্ষ্মণকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। লক্ষ্মণ বারিকের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে। তিনি ঝাঁটি (পানের বরজ নির্মাণে ব্যবহূত হয়) ব্যবসায়ী। লক্ষ্মণের পরিবারের সদস্যরা জানান, গত রোববার সন্ধ্যায় কে বা কারা ফোন করে লক্ষ্মণকে পটুয়াখালীর সেকাঠী লঞ্চঘাটে যেতে বলে। তিনি সেখানে গেলে কয়েকজন অপহরণকারী তাঁকে একটি মাইক্রোবাসে তুলে বরিশালের দিকে নিয়ে যেতে থাকে। এ সময় সুযোগ বুঝে মুঠোফোনে অপহরণের ঘটনা পরিবারকে জানান লক্ষ্মণ।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিক পুলিশ এবং র‌্যাবকে বিষয়টি জানান। এর পরই লক্ষ্মণকে উদ্ধারের অভিযান শুরু করে পুলিশ এবং র‌্যাব-৮-এর সদস্যরা। তাঁরা লক্ষ্মণকে উদ্ধারের জন্য মুঠোফোন ট্র্যাকিংসহ নানা পদক্ষেপ নেয়। অপহরণকারীরা সোমবার সন্ধ্যায় লক্ষ্মণকে একটি ট্রলারে তুলে অজ্ঞাত স্থানের উদ্দেশে যাত্রা করে। রাত ১০টার দিকে অপহরণকারীদের অলক্ষ্যে লক্ষ্মণ ট্রলার থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়েন। কীর্তনখোলা নদী থেকে উদ্ধারের পর জেলেদের সঙ্গে অপহরণের ঘটনা বর্ণনা করেন লক্ষ্মণ। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) এসআই মো. ফকরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লক্ষ্মণ বারিক সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদ্ধার করা হবে।
ধারণা করা হচ্ছে, সোমবার সন্ধ্যায় ট্রলারে তোলার আগে লক্ষ্মণকে চেতনানাশক দ্রব্য খাওয়ানো হয়েছিল। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দুলাল চৌধুরী জানান, ফরিদপুরের এক ব্যবসায়ীর সঙ্গে টাকাপয়সার লেনদেন নিয়ে লক্ষ্মণের দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরেও তাঁকে অপহরণ করা হয়ে থাকতে পারে।