নদীতে ঝাঁপিয়ে পড়ে শিশুকে বাঁচালেন যুবক

মাগুরায় নদীতে পড়ে যাওয়া ১০ মাসের একটি শিশুকে পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণে বাঁচিয়েছেন এক যুবক। তাঁর ভাষ্য, শিশুটির মা-ই তাকে পানিতে ছুড়ে ফেলে দেন। তবে ওই মায়ের দাবি, শিশুটি তাঁর হাত ফসকে পানিতে পড়ে যায়।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার দুপুরে মাগুরা শহরের ঢাকা রোডসংলগ্ন সেতুর ওপরে। স্থানীয় লোকজন শিশুটির মা হেনা পারভিনকে আটক করে পুলিশে দিয়েছে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম ও মাহমুদ হোসেন বলেন, বেলা দুইটার দিকে তাঁরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দেখতে পান, এক নারী তাঁর কোলে থাকা শিশুটিকে নবগঙ্গা নদীর পানিতে ছুড়ে ফেলে দিলেন।
রফিকুল তাৎক্ষণিকভাবে ঝাঁপ দিয়ে নদীতে নেমে পড়েন। তিন-চার মিনিটের চেষ্টায় তিনি শিশুটিকে পানির ভেতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। ঘটনার সময় ঘটনাস্থলে অনেক লোক জুটে যান। তাঁরা ওই নারীকে জেরা শুরু করেন। তখন ওই নারী বলেন, তাঁর নাম হেনা পারভিন। বাড়ি মহম্মদপুর উপজেলার চালিমিয়া গ্রামে। শিশুটি তাঁর তৃতীয় মেয়ে। নাম রাবেয়া খাতুন। তাঁদের কোনো ছেলেসন্তান নেই।
পারভিন দাবি করেন, সেতুর ওপর শিশুটির প্রস্রাব করাচ্ছিলেন তিনি। এ সময় হাত থেকে ফসকে সে পানিতে পড়ে যায়।
তবে রফিকুল ইসলাম দাবি করেন, শিশুটিকে ফেলে দিয়ে ওই নারী স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলে যাচ্ছিলেন। এই কারণে তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
শিশু রাবেয়ার বাবা শরিফুজ্জামান ঢাকা সেনানিবাসে বেসামরিক কর্মী হিসেবে কর্মরত। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, মাঝেমধ্যে তাঁর স্ত্রী সন্তানদের সঙ্গে রাগারাগি করেন। কিন্তু তাঁর এমন ঘটনা ঘটানোর কথা নয়। তিনি দাবি করেন, তাঁর স্ত্রীর ‘জিনের সমস্যা’ আছে। এ কারণেও তিনি এমনটা ঘটাতে পারেন।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বশিরুল ইসলাম বলেন, তিনি শরিফুজ্জামানের বাড়িতে গিয়েছিলেন। তিনি তাঁকে বলেছেন, স্ত্রী হেনা পারভিনের মানসিক সমস্যা আছে। যে কারণে এই ঘটনা ঘটাতে পারেন। শিশুটি বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।