নদীতে ডুবে চার শিশুর মৃত্যু
শেরপুর ও পঞ্চগড়ে নদীতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শেরপুর সদর উপজেলায় মামাতো-ফুফাতো ভাইবোন ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একই গ্রামের দুই শিশু পানিতে ডুবে মারা যায়।
শেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় মৃগী নদীতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার উত্তর গৌরীপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে আরাফাত ইসলাম (৬) ও তার ফুপাতো বোন সোহানা বেগম (৩)। সোহানা তৈরি পোশাককর্মী বিউটি বেগমের মেয়ে। আরাফাত স্থানীয় এম এ পাবলিক স্কুলের নার্সারি শ্রেণির ছাত্র ছিল।
গতকাল রোববার রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে। পরে আজ সোমবার সকালে উত্তর গৌরীপুর এলাকার পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোস্তাফিজুর রহমান ও ডুবুরি দলের প্রধান মুশফিকুর রহমান বলেন, ডুবুরি দল দুই ঘণ্টা অনুসন্ধান চালিয়ে মরদেহ উদ্ধার করে।
শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পর মৃত দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় অফিস জানায়, জেলার তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় গবরা নদীতে গোসল করতে গিয়ে ডাঙ্গাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে সোহেল (৮) ও একই গ্রামের আলী আকবরের ছেলে রতন (৮) পানিতে ডুবে মারা গেছে।
পুলিশ জানায়, আজ সোমবার দুপুরে তারা বাড়ির পার্শ্ববর্তী গবরা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে নদীতে তাদের মরদেহ ভেসে ওঠে। এলাকাবাসী তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র মুঠোফোনে নদীতে ডুবে দুই শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।