নদীতে ডুবে ছাত্রের মৃত্যু
বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী নদীতে ডুবে রাফিউল ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে গোসল করার সময় ওই ছাত্র নদীতে নিখোঁজ হয়। বেলা তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।
নিহত রাফিউল বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে। সে শেরপুর সামিট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা দুইটার দিকে রাফিউলসহ তিন বন্ধু মোটরসাইকেলে করে ধুনট উপজেলার বাঙ্গলী নদীর বথুয়াবাড়ী সেতু এলাকায় বেড়াতে আসে। পরে রাফিউল বন্ধুদের সঙ্গে সেতুর পাশে নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে রাফিউল ভেসে যায়। তখন তার অন্য দুই বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। কিন্তু তাঁরা রাফিউলকে উদ্ধারে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বেলা তিনটার দিকে রাফিউলের মৃতদেহ নদী থেকে উদ্ধার করেন।
ধুনট ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইয়াকুব আলী জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সেতুর ১০০ ফুট দূর থেকে রাফিউলের লাশ উদ্ধার করা হয়।