নদীতে ডুবে দুই প্রতিবন্ধীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল সোমবার নদীতে গোসল করতে নেমে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। আগের দিন রোববার রাজবাড়ীর পাংশায় চন্দনা নদীতে সাঁকো থেকে পড়ে ডুবে মৃত্যু হয়েছে এক মানসিক প্রতিবন্ধী তরুণের।
নালিতাবাড়ী উপজেলার প্রতিবন্ধী ব্যক্তির নাম মো. ওয়ালীউল্লাহ (৫৫)। বাড়ি পৌরসভার গোবিন্দনগর গ্রামে।
পরিবার ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, ওয়ালীউল্লাহ গতকাল সকাল নয়টার দিকে নিজ গ্রামের কাছে ভোগাই নদীতে গোসল করতে নামেন।
এ সময় স্রোতের তোড়ে তিনি ভেসে যান। একপর্যায়ে ডুবে যান তিনি। এলাকাবাসী জাল টেনে বেলা ১১টার দিকে নদীর ৩০০ মিটার ভাটি থেকে তাঁর লাশ উদ্ধার করেন। পৌর কাউন্সিলর আমিন আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে পাংশায় মারা যাওয়া তরুণের নাম সাগর মোল্লা (২০)। বাড়ি পৌর শহরের মৃগীডাঙ্গা গ্রামে। রোববার দুপুরে সাগর তাঁর মায়ের সঙ্গে চন্দনা নদীর ওপরের সাঁকো পার হচ্ছিলেন।
একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যান। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পৌর মেয়র আবদুল আল মাসুদ বিশ্বাস বলেন, পরে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।