নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সৈয়দপুর শহর রক্ষা বাঁধসংলগ্ন বুড়িরকুড়া এলাকার খড়খড়িয়া নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই শিশুর নাম কুরবান আলী (১০) ও মেরাজ আলী (১২)। কুরবান আলী শহরের কাজিপাড়ার বাদল হোসেন ছেলে এবং একই এলাকার আবেদ আলীর ছেলে মেরাজ। সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর কাজী হায়দার আলী ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুরবান ও মেরাজসহ বেশ কয়েক জন বন্ধু ঘটনাস্থলের কাছের একটি জামগাছে ওঠে। এরপর তারা নদী পার হয়ে ওপারের বটগাছে ওঠার সিদ্ধান্ত নেয়। সেই লক্ষ্যে কুরবান ও মেরাজ নদী পার হওয়ার জন্য সাঁতার দেয়। কিন্তু মাঝনদীতে গিয়ে ক্লান্ত হয়ে দুজনে ডুবে যায়। এ সময় অন্য বন্ধুদের চিৎকারে রাখাল বালক ও পথচারীরা এগিয়ে এসে ওই দুই শিশুকে উদ্ধার করে। পরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া সুলতানা দুজনকে মৃত ঘোষণা করেন।