নদীতে ডুবে দুই স্কুলছাত্র ও এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দিনাজপুর শহরের পুনর্ভবা নদীতে ডুবে গতকাল শনিবার দুই স্কুলছাত্র ও এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিক্ষার্থীরা হলো দিনাজপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার মো. হাসানুল হক চৌধুরীর ছেলে মো. মেহেদী হাসান (১৭), শহরের পাহাড়পুর এলাকার মো. তোজাম্মেল হকের ছেলে জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আবিদ বিন তুর্য (১৪) ও দিনাজপুর সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. মাসুদ আবদুল্লাহ্ (১৮)। মাসুদ আবদুল্লাহ পঞ্চগড়ের দেবীগঞ্জের মো. আবু তাহেরের ছেলে। তিনি দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় এক আত্মীয়ের বাসায় থেকে পড়ালেখা করতেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিনজন ছাত্র গতকাল বেলা দুইটার দিকে দিনাজপুর শহরের কাঞ্চন নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে বিরল থানার অধীন পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। হঠাৎ করে তিনজনই পানিতে তলিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী চক কাঞ্চন এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন, মজিবর রহমানসহ আরও অনেকে বলেন, নদীতে হাঁটুপানি। অনেক স্থানে চর পড়েছে। এ ছাড়া যে স্থানে ওই তিনজন গোসল করতে নেমেছিল, সেখানে কোমরপানি ছিল। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও বিরল থানার পুলিশকে খবর দেন। কিন্তু দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা আসতে দেরি করায় বিকেল পৌনে চারটার দিকে স্থানীয় জেলেরা জাল ফেলে গভীর পানি থেকে ওই তিনজনের লাশ উদ্ধার করেন। তাঁরা আরও বলেন, শুষ্ক মৌসুমে বালু তোলার কারণে অনেক স্থানে চোরাবালির মতো গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে পড়ে ওই তিনজনের মৃত্যু হয়েছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওয়াদুদ আহমেদ বলেন, তাঁদের ডুবুরি নেই। পরে তাঁরা রংপুর বিভাগীয় স্টেশনে খবর দেন। সেখান থেকে ডুবুরি আসার আগেই স্থানীয় লোকজন ওই তিনজনের লাশ উদ্ধার করেন।
বিরল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, তিনজনের একজনও সাঁতার জানত না। নদীর পানিতে নেমে পায়ের নিচের মাটি সরে গিয়ে তলিয়ে গিয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হতে পারে বলে পুলিশ ধারণা করছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।