নদীতে ডুবে যাওয়া পন্টুন তোলা হয়নি নয় বছরেও!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে ডুবে থাকা দুটি পন্টুন নয় বছরেও তোলা হয়নি। স্থানীয় লোকজন জানান, রাঙামাটি থেকে চন্দ্রঘোনা-রাজস্থলী ও বান্দরবান সড়কে যানবাহন পারাপারের জন্য ২০০১ সালে কর্ণফুলী নদীতে ফেরি সার্ভিস চালু করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কিন্তু ২০০৪ সালের মাঝামাঝি সময়ে সৃষ্ট বন্যায় দুটি পন্টুন পানির নিচে তলিয়ে যায়। সেই থেকে ডুবে আছে পন্টুন দুটি। সরেজমিনে দেখা যায়, পন্টুন দুটির একটি সম্পূর্ণ, অন্যটির অর্ধেক পানিতে ডুবে আছে। পন্টুনের বিভিন্ন অংশে ছিদ্র হয়ে গেছে। ফেরির খালাসি মো. হাসান জানান, ২০০৪ সালে বন্যার পর নতুন দুটি পন্টুন বসিয়ে যানবাহন পারাপার করা হলেও ডুবে যাওয়া পন্টুন দুটি নয় বছরেও তোলা হয়নি। পন্টুন দুটি সংস্কার করা হলে ব্যবহারের উপযোগী হতো। ফেরির ইজারাদার মাহাবুবর রহমান বলেন, বর্তমানে ফেরি চলাচলে ব্যবহূত পন্টুন দুটি অনেক পুরোনো, যা কক্সবাজার সওজ বিভাগ থেকে আনা হয়েছিল। যেকোনো দুর্যোগে এগুলো ব্যবহারের অনুপযোগী হলে রাঙামাটি-চন্দ্রঘোনা-রাজস্থলী-বান্দরবান সড়কে ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, সওজ বিভাগ পন্টুন দুটি রাঙামাটির ভেদভেদির কারখানায় সংস্কার করে ব্যবহারের উপযোগী করলে যেকোনো দুর্যোগ-পরিস্থিতি মোকাবিলা করা সহজ হতো। এ ছাড়া কর্ণফুলীতে ফেলে না রেখে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করলেও সরকারের লাভ হবে। চন্দ্রঘোনা এলাকার স্ক্র্যাপ ব্যবসায়ী শাহ আলম বলেন, বাজারে প্রতি টন লোহার দাম ৫৮ থেকে ৬০ হাজার টাকা। সে হিসেবে পন্টুন দুটির দাম এক কোটি টাকার ওপরে। ফেরির কার্য সহকারী কামাল উদ্দিন বলেন, পন্টুন দুটি সংস্কারের জন্য রাঙামাটি সওজ বিভাগে প্রতিবেদন পাঠানো হয়েছে। কিন্তু কোনো নির্দেশনা পাওয়া যায়নি। সওজের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, পন্টুন দুটি সংস্কারের জন্য ফেরি বিভাগে একাধিকবার প্রতিবেদন পাঠানো হয়। কিন্তু মেকানিক্যাল ও ওয়ার্কশপ বিভাগে কোনো নির্দেশনা না আসায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।