সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই শ্রমিকের লাশ গতকাল সোমবার উদ্ধার করা হয়েছে।
এদিকে নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের বস্তাবন্দী মৃতদেহ।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাঘড়া এলাকার যাদুকাটা নদীতে গত রোববার গভীর রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে গেলে নৌকায় ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন।
গতকাল দুপুরে ঘটনাস্থল থেকেই ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার রাজনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আবু সায়েদ (২২) ও মৃত আবদুল আলীর ছেলে আয়না মিয়া (১৮)। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাউয়াদি এলাকার শীতলক্ষ্যা নদী থেকে গতকাল দুপুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, তিন থেকে চার দিন আগে শ্বাসরোধে যুবকটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।