নদীতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র ও একজন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত তিন ছাত্র হলো দিনাজপুর সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. মাসুদ আবদুল্লাহ (১৮), দিনাজপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. মেহেদি হাসান (১৭) ও দিনাজপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আবিদ বিন তুর্য (১৪)। তারা তিনজন পাশাপাশি এলাকার বাসিন্দা হওয়ায় পূর্বপরিচিত ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজন বলেন, শনিবার বেলা দেড়টার দিকে তিনজন ছাত্র দিনাজপুর শহর ও বিরল উপজেলার সীমানায় পুনর্ভবা নদীর কাঞ্চন ব্রিজের পাশে গোসল করতে নামে। হঠাৎ তিনজনই পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন খোঁজ করে তাদের উদ্ধার করে না পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশন ও বিরল থানা-পুলিশকে খবর দেয়।

কাঞ্চন এলাকার বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আবদুল হক বলেন, দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা আসতে অনেক দেরি করেন। বিকেল পৌনে চারটার দিকে স্থানীয় জেলেরা জাল ফেলে পানি থেকে তিনজনের লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওয়াদুদ আহমেদ বলেন, ‘দিনাজপুর অফিসে কোনো ডুবুরি নেই। ডুবুরি আছেন বিভাগীয় পর্যায়ে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রংপুরে খবর দিই। কিন্তু তাঁরা আসার আগেই স্থানীয় ব্যক্তিরা ওই ছাত্রদের লাশ উদ্ধার করে।’

বিরল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে মুঠোফোনে বলেন, তিনজনের একজনও সাঁতার জানত না। নদীর পানিতে নেমে পায়ের নিচের মাটি সরে গিয়ে তলিয়ে তিন শিক্ষার্থীর ডুবে গিয়ে মৃত্যু হতে পারে বলে পুলিশ ধারণা করছে। আজ বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।