নদীতে নৌকা উল্টে জেলের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী দোন নদীতে নৌকা উল্টে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন নদী থেকে ওই জেলেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই জেলের নাম সুব্রত ঘরামী। দুই সন্তানের জনক সুব্রত ঘরামীর বাড়ি টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে। টিয়াখালী দোন নদীতে সারা বছরই মাছ ধরতেন তিনি। এ ছাড়া কাঁকড়ার চাঁই বানিয়ে বাজারে বিক্রি করতেন।
সুব্রত ঘরামীর স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গতকাল বিকেলে ছোট একটি নৌকা নিয়ে তিনি মাছ ধরতে যান। হঠাৎ স্রোতের তোড়ে নৌকা উল্টে ভেসে যান তিনি। স্থানীয় লোকজন এ দৃশ্য দেখে দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শোনার পরই থানা থেকে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো আপত্তি না থাকায় মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি। যার কারণে গত রাতেই তাঁর সৎকার করা হয়েছে।’