নদীতে নয়, স্কুল মাঠে সিসি ব্লক চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীভাঙন ঠেকাতে ফেনীর দাগনভূঞা উপজেলায় এক হাজার ১০০ সিসি ব্লক নির্মাণ করা হয় চার বছর আগে। ব্লকগুলো নদীতে না ফেলে একটি বিদ্যালয়ের মাঠে রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছে।জানা গেছে, সিসি ব্লকগুলো উপজেলার লক্ষ্মণপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে ফেলে রাখা হয়েছে। এলাকাবাসীর দাবির মুখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৭-০৮ অর্থবছরে ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও জাদুঘর হয়ে আবদুস সালামের পৈতৃক বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকা করে। কিন্তু কিছুদিন পর থেকেই নদীর ভাঙন শুরু হয়ে সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীর ভাঙন ঠেকাতে ও সড়কটি রক্ষায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিসি ব্লক ফেলার উদ্যোগ নেয়। এ জন্য ভাষাশহীদ আবদুস সালাম কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হাজার ১০০ সিসি ব্লক তৈরি করা হয়। কিন্তু ব্লকগুলো আর ভাঙনকবলিত স্থানে ফেলা হয়নি। ফলে ব্লকগুলো বিদ্যালয়ের মাঠে পড়ে থাকে। ব্লকগুলোর কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় ব্যাঘাত ঘটছে। লক্ষ্মণপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা ইয়াসমিন, মারুফ ও মহিউদ্দিন জানায়, সিমেন্টের ব্লকগুলোর কারণে মাঠে খেলাধুলা করতে সমস্যা হয় তাদের।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান বেগম বলেন, শারীরিক কসরতের ক্লাস (অ্যাসেম্বলি) করাতে খুব সমস্যা হয়। বারবার বলার পরও ব্লকগুলো মাঠ থেকে সরানো হয়নি।এলজিইডির উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন বিদ্যালয়ের মাঠে ব্লক ফেলে রাখার সত্যতা স্বীকার করে বলেন, চার বছর আগে সালাম নগর সড়কটি নদীভাঙনের হাত থেকে রক্ষার জন্য ব্লকগুলো তৈরি করা হয়। বর্তমানে নদীতে জোয়ার-ভাটা থাকায় সেখানে ব্লক ফেলে কোনো কাজ হবে না। ছোট ফেনী নদীর মুছাপুর রেগুলেটরের ক্লোজার নির্মাণের কাজ শেষ হলে তখন নদীতে জোয়ার-ভাটা থাকবে না। তখনই ব্লকগুলো ফেলে সড়কটি আবার সংস্কার করা হবে।দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্লকগুলো সরানোর জন্য বলা হয়েছে।