নদীতে পচা চিনি, মরছে বিভিন্ন প্রজাতির মাছ
চার বছর ধরে গলে পচে নষ্ট হয়ে যাওয়া চিনি নদীতে ফেলায় পানি দূষিত হয়ে বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছ মরে গেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে ফরিদপুর শহরের আলীপুর সেতুসংলগ্ন কুমার নদ এলাকার ২০০ মিটার অংশে।২০০৭ সালের ১৪ জুলাই শহরের চকবাজার এলাকা থেকে সাড়ে ১১ মেট্রিক টন ভারতীয় চিনি (২৩০ বস্তা) জব্দ করা হয়। ওই চিনি শহরের গুড় বাজার এলাকার একটি গুদামে সিলগালা অবস্থায় ছিল। গুদামে থাকা অবস্থায় এসব চিনি পচে গলে নষ্ট হয়ে যাওয়ায় গত ২৪ ফেব্রুয়ারি জেলার অতিরিক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট (এডিএম) শফিকুর রেজা বিশ্বাস তা নষ্ট করে ফেলার নির্দেশ দেন। এই নির্দেশ অনুয়ায়ী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা খন্দকার গত শনিবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৫৩০ বস্তা চিনি কুমার নদে নিক্ষেপ করেন।জেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. মেজবাহুল হক প্রথম আলোকে জানান, চিনিতে কার্বোহাইড্রেড থাকে। কার্বোহাইড্রেড পচে গেলে অ্যালকোহল হয়ে যায়। এতে মাছের ফুড পয়জনিং হতে পারে।ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি ভুল সিদ্ধান্তের কারণে পচা চিনি নদীতে ফেলা হয়েছে, যা করা উচিত হয়নি। চিনি ফেলার জন্য পানিতে অক্সিজেনের সমস্যার সৃষ্টি হতে পারে, যার কারণে হয়তো মাছগুলো মারা গেছে।