নদীতে পলি জমছে, ভবদহে ফের জলাবদ্ধতার আশঙ্কা
বিল কপালিয়ায় জোয়ারাধার চালু ও পূর্ব বিল খুকশিয়ার হরি নদীতে আড়াআড়ি বাঁধ নির্মাণ করতে না পারায় যশোরের ভবদহ এলাকায় ফের জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। শ্রী ও হরি নদীর প্রায় ছয় কিলোমিটারে দুই থেকে আড়াই ফুট পলি জমে গেছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি বর্ষায় অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় জলাবদ্ধতা দেখা দিতে পারে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ২০০৬ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শ্রী ও হরি নদী পুনঃখনন করা হয়। সে সময় জোয়ারের সঙ্গে আসা পলি বিলে ফেলে বিল উঁচু করার পাশাপাশি নদীর নাব্যতা বাড়ানোর মাধ্যমে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের কাজ করে তারা। কেশবপুর উপজেলার পূর্ব বিল খুকশিয়ায় নির্মাণ করা হয় জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম)। তিন বছরমেয়াদি জোয়ারাধার প্রকল্পটি এখনো চলছে। এই সময়ে বিলে কোনো চাষ করা যায়নি। ক্ষতিপূরণও পাননি কৃষকেরা।সূত্র জানায়, জোয়ারের সঙ্গে আসা পলি আটকাতে গোরশয়াল নামক স্থানে দ্বিতীয় কাটিং পয়েন্টের পাশে হরি নদীতে আড়াআড়ি বাঁধ দিতে গত জানুয়ারি মাসে দরপত্র আহ্বান করা হয়। ১৩ লাখ ২৪ হাজার টাকা চুক্তিমূল্যে কাজ পায় খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান এস জামান এন্টারপ্রাইজ। গত ২ মার্চ শুরু করে ৩০ এপ্রিলের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু পূর্ব বিল খুকশিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকের বাধার মুখে আড়াআড়ি বাঁধ নির্মাণ করতে পারেননি ঠিকাদার। ঠিকাদার শেখ সাত্তারুজ্জামান বলেন, ‘দ্বারে দ্বারে ঘুরেও ক্ষতিগ্রস্ত জমির মালিক ও রাজনীতিকদের বাধার কারণে কাজটি করতে পারিনি। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’গত জানুয়ারি মাসে বিল কপালিয়ায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ৭৫০ হেক্টর জমিতে জোয়ারাধার চালু করার কথা ছিল। ক্ষতিপূরণের তিন কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তা চালু করা সম্ভব হয়নি। চলতি বর্ষা মৌসুমের তিন মাস বেড়িবাঁধের কোনো কাজ করা সম্ভব নয়। সব মিলিয়ে আগামী অক্টোবর-নভেম্বরে জোয়ারাধার চালু করা সম্ভব হতে পারে। কিন্তু বিল কপালিয়ার কৃষকেরা যেকোনো মূল্যে জোয়ারাধার চালু প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।মনিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের কৃষক যাদব বৈদ্য বলেন, ‘বিলে আমার ১৪ কাঠা জমি আছে। ওই জমিতে ধান ও মাছের চাষ করি। মরে গেলেও আমি জমি দেব না।’ একই গ্রামের পরিতোষ সরকার বলেন, ‘টিআরএম করতে এলে প্রতিবাদ হবে। কপালিয়া খুব ছোট বিল। টিআরএম চাই, তবে এই বিলে না। বড় কোনো বিলে তারা টিআরএম করুক।’পাউবো যশোরের সার্ভেয়ার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গোরশয়ালের দ্বিতীয় কাট পয়েন্ট পর্যন্ত নদীতে স্রোতের তীব্রতা থাকায় পলি পড়ছে না। কিন্তু গোশয়ালের উজানে বিভিন্ন মাত্রায় নদীতে পলি পড়ছে। তিনি বলেন, ভবদহ স্লুইস গেট থেকে শুরু করে কপালিয়া ব্রিজ পর্যন্ত নদীর একটি স্থানে দুই ফুটেরও বেশি এবং দুটি স্থানে দুই ফুটের একটু কম পলি পড়েছে।অভয়নগর উপজেলার দামুখালী গ্রামের কংকর বিশ্বাস বলেন, ‘এবার নদীতে যে হারে পলি পড়ছে, তাতে একটু বেশি বৃষ্টি হলে গোটা ভবদহ এলাকা জলে তলায়ে যাবে। টিআরএম ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই।’পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে সার্বিক পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা অগ্রিম দিতে আমরা বেশ আগেই জেলা প্রশাসনকে তিন কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছি। কিন্তু জেলা প্রশাসন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিচ্ছে না। এতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসনের সঙ্গে বারবার বৈঠক করেও এর কোনো সমাধান মিলছে না।’