নদীতে পানি বাড়ায় পাঁচ জেলায় ফসলডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীতে পানি বাড়ায় পাবনার ভাঙ্গুরা, বেড়া, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুরের সরিষাবাড়ীতে কয়েক হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে। পদ্মা, আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদ-নদীতে পানি বেড়ে মাদারীপুরের শিবচরে তিন হাজার ২০০ বিঘা জমির বোরো ধান ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু কষ্টে আবাদ করা ফসল হারিয়ে কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার গুমানি নদীর পানি বাড়ায় পুঁইবিল বাঁধ ভেঙে প্রায় ৮০০ হেক্টর জমির বোরো ধানের খেত পানিতে ভরে গেছে। আরও প্রায় চার হাজার হেক্টর জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় উপজেলা পরিষদের উদ্যোগে কৃষকেরা বুধবার রাতভর বাঁধ মেরামতের চেষ্টা করেও তা কোনো কাজে আসেনি। বেড়া (পাবনা): যমুনা নদীতে পানি বাড়ায় উপজেলায় তিন হাজার বিঘা জমির বাদাম ও বোরো ধানের খেত প্লাবিত হয়েছে। একই কারণে নদীভাঙনে গত দুই সপ্তাহে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া চরপেঁচাকোলা গ্রামের কমপক্ষে ৪০টি পরিবার গৃহহীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকির মুখে রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়, মসজিদসহ অন্তত ৩০০ পরিবার। সিরাজগঞ্জ: যমুনা নদীতে পানি বাড়ায় শাহজাদপুর উপজেলার গালা, সদরের বাহুকা, ঘোনাপাড়া, কাজীপুর উপজেলার মেঘাই এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। একই কারণে উপজেলার নদীর তীর ও চরাঞ্চলের জমিগুলোয় পানি উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুর রহমান জানান, গত এক সপ্তাহে সিরাজগঞ্জে সাড়ে ১১ ফুট পানি বেড়েছে। বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার এক হাজার হেক্টর জমিতে রোপণ করা ধানসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জালালউদ্দিন চরাঞ্চলের জমি প্লাবিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।ধুনট (বগুড়া): যমুনা নদীতে পানি বাড়ায় উপজেলার বৈশাখী, রাধানগর, নিউ সারিয়াকান্দি, সহরাবাড়ী, বানিয়াজান, শিমুলবাড়ী, কৈয়াগাড়ী ও পুকুরিয়া গ্রামের বোরো ধান, পাট, ভুট্টা, বাদাম, তিলসহ বিভিন্ন রবিশস্যের খেত পানিতে ডুবে গেছে। সব মিলিয়ে প্রায় ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। শিবচর (মাদারীপুর): জোয়ারের পানিতে উপজেলার প্রায় আড়াই হাজার বিঘার আধা পাকা বোরোর মাঠ ও প্রায় ৭০০ বিঘা বাদামখেত প্লাবিত হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর): পানি বাড়ায় উপজেলার চারটি ইউনিয়নের ৫৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে পিংনা ইউনিয়নের পিংনা উত্তর, দক্ষিণ, পশ্চিমপাড়া ও আধানগরে নদীভাঙন শুরু হয়েছে।