নদীতে ফুল ভাসিয়ে শুরু ঐতিহ্যবাহী বৈসাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে গতকাল সোমবার থেকে পার্বত্য আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি শুরু হয়েছে। উৎসবের প্রথম দিনে গতকাল নানা আয়োজনে উদ্যাপন করা হয়েছে ফুল বিজু। তবে বৈসাবি নিয়ে খাগড়াছড়িতে তেমন উচ্ছ্বাস লক্ষ করা যায়নি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: আদিবাসী তরুণ-তরুণীরা ভোরে বন থেকে ফুল সংগ্রহ করে নদীতে ভাসিয়ে দিয়ে বৈসাবি উৎসব শুরু করেছে। রাঙামাটি শহরের গর্জনতলী এলকায় কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বৈসাবির উদ্বোধন করা হয়। প্রথম দিনে ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে হরেক রকম ফুল দিয়ে সাজানো হয়েছে। আদিবাসীরা পাহাড়ি ছড়া, ঝরনা বা নদীতে ফুল ভাসিয়ে দিয়ে গোসল করে। তরুণ-তরুণীরা নদী থেকে পানি তুলে বয়োজ্যেষ্ঠদের গোসল করিয়ে দিয়ে আশীর্বাদ নেয়। অনেক এলাকায় দল বেঁধে বুদ্ধমূর্তিকে গোসল করানো হয়। চলে দিনব্যাপী নানা উৎসব। এরপর প্রস্তুতি চলে পরবর্তী দিনের উৎসবের। উৎসব উদ্যাপন কমিটির আয়োজনে গত শুক্রবার থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী খেলাধুলা চলছে। খাগড়াছড়ি: গতকাল বৈসাবি উৎসবের প্রথম দিনে ফুল বিজু অতিবাহিত হলেও খাগড়াছড়িতে তেমন কোনো অনুষ্ঠান হয়নি। ফুল বিজু নিয়ে সাধারণ লোকজনের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি। ফুল বিজুর দিনে সাধারণত আদিবাসীরা ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুল দিয়ে ঘর সাজিয়ে মূল বিজুর প্রস্তুতি নেয়। কিন্তু খাগড়াছড়িতে গতকাল তা চোখে পড়েনি বলা যায়। খাগড়াছড়ি সদরের মহাজনপাড়ার কার্বারি করুণাময় চাকমা। তিনি গ্রামপ্রধান বা কার্বারি, অথচ এ বছর উৎসব করার মতো অবস্থা তাঁর নেই। গত ২৩ ফেব্রুয়ারি তাঁর বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। পুড়ে যাওয়া টিন দিয়ে তৈরি একচালা ঘরে বসে তিনি বলেন, ‘আমার বাড়িতে কোনো আয়োজন নেই। নিজের বাঁচার চিন্তা করব, না উৎসবের চিন্তা করব?’ তিনি বলেন, ‘এটা সামাজিক উৎসব। এতে সবার অংশগ্রহণ থাকে। সবাই আনন্দ উপভোগ করে। এবার ফেব্রুয়ারির ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, তাদের উৎসব করার সামর্থ্য কই?’ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মীরা সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন গ্রামে কালো পতাকা ওড়ান। ইউপিডিএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কালো পতাকা উড়িয়ে সহিংস হামলায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত লোকজনের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। বান্দরবান: বান্দরবানে গতকাল চাকমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরাদের ঘরে ঘরে ফুল বিজু উদ্যাপনের মধ্য দিয়ে বৈসাবি উৎসব শুরু করেছে। এ উপলক্ষে ঘরদোর পরিষ্কার করে হরেক রকম ফুল দিয়ে বাড়ি সাজানো হয়েছে। তবে মারমা আদিবাসীরা আজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বৈসাবি উৎসব শুরু করবে। এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর নেতৃত্ব দেবেন বলে উৎসব উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে।