নদীতে ফেরি, রাস্তায় যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল শুক্রবার ভোরে আবার যানবাহনবোঝাই দুটি ফেরি আটকা পড়ে। এ সময় উভয় পাশ থেকে ফেরিগুলো যাতায়াত করতে না পেরে ফেরিজট দেখা দেয়। এ ছাড়া তীব্র স্রোতের কারণে খননকাজ বিঘ্নিত হচ্ছে।এসব সমস্যার কারণে গতকালও দৌলতদিয়ায় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানবাহনের জট সৃষ্টি হয়। যানজট কমাতে গোয়ালন্দ মোড় এলাকায় গাড়ি আটকে দিলে সেখানে আরও প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। ঢাকায় যেতে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট পরিহার করে যানবাহনের চালকদের বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মায় ডুবোচর জেগে ওঠায় প্রায় এক সপ্তাহ ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অ্যাপ্রোচ চ্যানেলে ডুবোচর অপসারণের জন্য গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বিআইডব্লিউটিএ খননকাজ শুরু করলেও স্রোতের কারণে তা ব্যাহত হচ্ছে। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে পাটুরিয়া থেকে দুটি বাস, আটটি ট্রাক ও তিনটি ছোট গাড়ি নিয়ে ছেড়ে আসার পর ফেরি শাহ পরান সোয়া ছয়টার দিকে দৌলতদিয়া ঘাটের কাছে আসামাত্র ডুবোচরে আটকা পড়ে। ঘণ্টা খানেক নিজেরাই চেষ্টা করে ব্যর্থ হয়ে উদ্ধারকারী জাহাজের সাহায্য চাওয়া হয়। এ সময় দৌলতদিয়া থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, কেরামত আলী ও শাহ আলী নামের তিনটি ফেরি প্রায় ৫০টি যানবাহন নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রাক্কালে ডুবোচরে আটকা ফেরিটির পেছনে নোঙর করে। অন্যদিকে পাটুরিয়া থেকেও খানজাহান আলী, শাহ জালাল, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ চারটি ফেরি দৌলতদিয়া ভিড়তে না পেরে ওই ফেরির পেছনে নোঙর করতে বাধ্য হয়। এ সময় উভয় পাশে ফেরিজট লেগে যায়। এদিকে ফেরি শাহ পরান উদ্ধারের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটিকে বসিয়ে রাখা হয়েছে। এখন মাত্র আটটি রোরো ও একটি কে-টাইপ ফেরি চলাচল করছে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, একদিকে তীব্র স্রোতের কারণে সময় লাগছে প্রায় দ্বিগুণ। সঙ্গে ডুবোচর জেগে ওঠায় বাড়তি সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া অতিরিক্ত গাড়ির চাপ তো রয়েছেই। এ কারণে দৌলতদিয়ায় প্রায় পাঁচ কিলোমিটার যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। পানি আরও কমতে থাকলে যেকোনো সময় এই নৌপথ বন্ধ হয়ে যেতে পারে।এদিকে নাব্যতা সংকটের কারণে খননকাজ বারবার ব্যাহত হচ্ছে। গতকাল সকালে খননকালে একটি খনন মেশিন (ড্রেজার) ডি-১৩৬ স্রোতের তোড়ে অনেক দূরে ভেসে যায়। বিআইডব্লিউটিএর খনন বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে খননকাজ ব্যাহত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চ্যানেলে ড্রেজার ডি-১৩৬ দিয়ে ১৫০ ফুট এবং ডি-১৩৭ দিয়ে ৩২৫ ফুট পলিমাটি অপসারণ করা সম্ভব হয়েছে। কিন্তু খননের কিছুক্ষণ পরই স্রোতের তোড়ে পলিমাটিগুলো পুনরায় চ্যানেলে এসে পড়ে ভরাট হয়ে যাচ্ছে।