নদীতে বর্জ্য ফেলা অব্যাহত থাকায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে যখন রাজধানীর চারপাশের নদীর তলদেশ পরিষ্কার করার কাজ চলছে, অন্যদিকে তখন নদীতে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এ নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।শেখ হাসিনা বলেন, ‘নদীর তলদেশ পরিষ্কার করতে বিপুল অর্থ খরচ করা হচ্ছে। এর মধ্যেই যদি নদীতে ময়লা-আবর্জনা ফেলা অব্যাহত থাকে, তাহলে নদী রক্ষার সব প্রচেষ্টা বিফলে যাবে। এসব অবশ্যই বন্ধ করতে হবে।’ গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পানি খাত ও খননবিষয়ক (ড্রেজিং) জাতীয় কমিটির তৃতীয় সভায় তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, পরিবেশ রক্ষায় নদী, খাল ও অন্যান্য জলাশয়ে ময়লা ও বর্জ্য না ফেলার জন্য কলকারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এ বিষয়ে নগরবাসীকেও সচেতন হতে বলেছেন তিনি।এ ছাড়া পদ্মা ও যমুনা নদীতে ড্রেজিংয়ের কাজ অবিলম্বে শুরু করার জন্য সভায় উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সময় নষ্ট করবেন না। হাতে যে সমস্ত তথ্য-উপাত্ত আছে, তার ভিত্তিতেই দুই নদীর ড্রেজিং কাজ শুরু করুন।’শেখ হাসিনা তাঁর আগের সরকারের আমলে পুনরুদ্ধার করা জমিতে আবাসন প্রকল্প স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, খনন করার পর নদীর তীরে আবাসন, শিল্প এলাকা ও কৃষি খামার গড়ে তোলা হবে। এ প্রঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ আগের মেয়াদে ক্ষমতায় থাকাকালে পশুর নদী খননের বালু দিয়ে মংলা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা গড়ে তোলা হয়েছিল।প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের চরাঞ্চলের মানুষের ভোগান্তির বিষয়টিও সভায় আলোচিত হয়। এ ক্ষেত্রে ঝড় ও বন্যা থেকে চরের মানুষকে রক্ষায় চরের চারপাশে বনায়ানের আহ্বান জানান প্রধানমন্ত্রী।এ ছাড়া দেশের বিভিন্ন নদ-নদীর সর্বশেষ নাব্যতা, এ বিষয়ে সাম্প্রতিক জরিপ, খনন প্রকল্পের অগ্রগিত এবং এ ক্ষেত্রে অর্থ বরাদ্দের বিষয়েও সভায় আলোচনা হয়।পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ভূমিমন্ত্রী রেজাউল করিম, পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মশিউর রহমান, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা সভায় উপস্থিত ছিলেন।