নদীতে বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন
ঢাকার ধামরাইয়ের বংশী, সাভারের তুরাগ ও ধলেশ্বরী নদীসহ আশপাশের বিভিন্ন জলাধারে কল-কারখানা থেকে বর্জ্যমিশ্রিত পানি ফেলার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় লোকজন। গতকাল শনিবার সকালে ধামরাইয়ের ইসলামপুর ও সাভারের গেণ্ডা, হেমায়েতপুর ও জাতীয় স্মৃতিসৌধের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এবং আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক মানববন্ধন পালিত হয়েছে। এতে আইনজীবী, এনজিওর কর্মী, ছাত্র-শিক্ষকসহ সমাজের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।সাভার ও ধামরাই উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ডিইপিজেডসহ সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় দুই শরও বেশি ডাইং ও ওয়াশিং কারখানা রয়েছে। এসব কারখানা থেকে নির্গত হাজার হাজার ঘনলিটার বর্জ্য প্রতিদিন নদী-খাল-বিল-ডোবা ও জলাধারের পানিতে গিয়ে মিশছে। এর প্রভাবে আশুলিয়ার মাইজাল থেকে সাভার পর্যন্ত বংশী নদী, সভারের ওপর দিয়ে প্রবাহিত তুরাগসহ ওই সব এলাকার জলাধারগুলো দূষিত হয়ে পড়ছে।জানা যায়, দূষণের হাত থেকে পরিবেশ রক্ষায় প্রতিটি ডাইং ও ওয়াশিং কারখানায় বর্জ্যমিশ্রিত পানি শোধনাগার থাকা বাধ্যতামূলক। তবে দু-একটি কারখানা ছাড়া পানি শোধনাগার থাকলেও খরচ বাঁচাতে সেগুলো ব্যবহার করা হয় না। আর বেশির ভাগ কারখানায় পানি শোধনাগারই নেই।‘সাভার-ধামরাই পরিবেশ রক্ষা কমিটি’র সভাপতি আতাউর রহমান বলেন, ডিইপিজেড ও ডিইপিজেডের বাইরের বিভিন্ন কারখানা থেকে বর্জ্যমিশ্রিত পানি এসে নদীসহ আশপাশের জলাধারগুলোতে মিশছে। আর রাসায়নিক পদার্থমিশ্রিত ওই পানির প্রভাবে নদী-খাল-বিল মাছশূন্য হয়ে পড়েছে। নদীর পানি ব্যবহার করে এলাকার অনেক মানুষ নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হয়ে পড়ছে।