নদীতে বসানো হচ্ছে খননযন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সরিষাডুলি গ্রামসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে বালু তোলার জন্য খননযন্ত্র বসানো হচ্ছে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, বালু তোলা হলে আশপাশের আবাদি জমি নদীতে বিলীন হয়ে যেতে পারে।
নদীর তীরসংলগ্ন জমির কয়েকজন কৃষক বলেন, এক সপ্তাহ ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরিষাডুলি গ্রামের নিমতলা মাঠ এলাকায় মাথাভাঙ্গা নদীতে বালু তোলার জন্য ড্রাম ও পাইপ স্থাপন করছেন। কয়েক দিনের মধ্যে সেখানে ভারী খননযন্ত্র স্থাপন করা হবে।
কৃষকেরা জানান, মাথাভাঙ্গা নদী এখন প্রস্থে ৩০ ফুট। পানিও কম। খননযন্ত্র দিয়ে বালু তোলা হলে আশপাশের কয়েক শ গজ পর্যন্ত মাটিতে ধস নামবে। তা ছাড়া বন্যার সময় ওই এলাকায় আরও ভাঙন দেখা দেবে। এতে কৃষকের আবাদি জমি নদীতে চলে যাবে।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শরিফুল ইসলাম বলেন, রিন্টু মালিথা নামের এক ইউপি সদস্য খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের কাজ করছেন। এ ছাড়া তিনি তেমন কিছু জানেন না।
রিন্টু মালিথা বলেন, ‘খননযন্ত্র আমার। কিন্তু সেটা সরিষাডুলি গ্রামের তপন নামের এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছে। তিনিই বালু তুলছেন।’
জানতে চাইলে বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান খোয়াজ হোসেন বলেন, ‘শুনেছি, কয়েক দিন ধরে বালু উত্তোলনের যন্ত্রপাতি বসানো হচ্ছে। তবে কৃষকেরা কোনো অভিযোগ করেননি।’।