নদীতে বাঁধ, ১০ হাজার একরে বোরো আবাদ নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সূতী নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে আটটি বিলে জলাবদ্ধতা দেখা দেওয়ায় এ উপজেলার প্রায় ১০ হাজার একর জমিতে বোরো ধানের চাষ করা যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে। ওই বাঁধগুলো ভাঙার দাবি জানিয়ে উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সম্প্রতি কৃষিমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার মধ্য দিয়ে সূতী নদী প্রবাহিত হয়েছে। এ নদীর তীরেই দিয়াকুল, গাজীগিলা, ঝাওয়া, রওয়া, ডেউডাঙ্গা, রাহী, ভরা ও পুরুষবদিয়া বিল। একটু বৃষ্টি হলেই বিলগুলোয় পানি জমে। এসব বিলের পানি এবং উজান থেকে নেমে আসা পানি সূতী নদী দিয়ে নামে। কিন্তু নদীসংলগ্ন সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের দুটি স্থান এবং চান্দপুর ইউনিয়নের একটি স্থানে বাঁধ নির্মাণ করায় বিলগুলো থেকে এখন পানি সরানো যাচ্ছে না। এ কারণে এখানকার ১০ হাজার একর জমিতে বোরো ধানের আবাদ করা যাচ্ছে না। নকলা গ্রামের রফিকের নেতৃত্বে এ তিনটি স্থানে বাঁধ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।দিয়াকুল গ্রামের কৃষক আতাউর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকেরা কয়েক দিন আগে জেলা প্রশাসকের কাছে বাঁধগুলো ভেঙে দেওয়ার আবেদন করেছেন। নকলা গ্রামের রফিক বলেন, ‘পানি না সরলে আমাদের কিছু করার নেই। কারণ, আমরাও এই নদীর পানি দিয়ে জমি চাষাবাদ করি।’জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘কটিয়াদীর ইউএনওকে উভয় পক্ষকে নিয়ে বসে এ সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছি। তাঁর কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব।’ কটিয়াদীর ইউএনও আবুল কাসেম বলেন, ‘আমি উভয় পক্ষকে বসে ঘটনাটি মীমাংসা করার জন্য বলেছি। কিন্তু দিয়াকুলের কৃষকেরা সমঝোতায় আসেননি।’