নদীতে বাঁধ দিয়ে আ.লীগ নেতাদের মাছ চাষ
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঁধ ও বেড়া দিয়ে গজারিয়া নদী দখল করে প্রায় চার বছর ধরে মাছের চাষ করছেন আওয়ামী লীগের স্থানীয় তিনজন নেতা। নদীর পানিপ্রবাহ ও গতিপথ বন্ধ করে প্রায় সাত কিলোমিটার অংশ দখলে নিয়ে বছরের ছয় মাস মাছের চাষ করায় নদীপারের মানুষ মাছ ধরা তো দূরে থাক; নদীতে নামতেই পারছে না।সোনাতলা উপজেলার দিগদাইর, সোনারায়, বালুয়া ও জোড়গাছা ইউপির ওপর দিয়ে প্রবাহিত গজারিয়া নদীটি স্থানীয়ভাবে লোহাগাড়া নদী নামে পরিচিত। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরদার জানান, তাঁদের নথি ও নকশায় এটি গজারিয়া নদী হিসেবে রয়েছে। ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ নদীর উৎপত্তি বাঙ্গালী নদী থেকে, আর গিয়ে মিশেছে ইছামতি নদীতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামও জানান, উপজেলা প্রশাসনের নথিতে এটি নদী হিসেবেই উল্লেখ রয়েছে।সম্প্রতি সোনাতলার দিগদাইর ইউপির মুলবাড়ি বাজারসংলগ্ন লোহাগাড়া সেতুর নিচে নেমে নৌকায় নদীতে ঘুরে দেখা গেছে, সেতুর নিচে মাটির বাঁধ, আরও কয়েক কিলোমিটার উজানে বাঁশের বেড়া ও জাল দিয়ে পানিপ্রবাহ এবং গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে। নদী ভাগাভাগি করে নিয়ে সেখানে চলছে মাছের চাষ।স্থানীয় ব্যক্তিরা জানান, দিগদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি চিবাশ চন্দ্র রায়, ৮ নম্বর ওয়ার্ড কমিটির দুজন সদস্য হরিশ চন্দ্র দাস ও যুধিষ্ঠি চন্দ্র দাস মাছের চাষ করছেন। সেতুর পশ্চিম প্রান্তে দেড় কিলোমিটার অংশ দখল করেছেন হরিশ চন্দ্র। তাঁর সীমানা যেখানে শেষ, সেখানে বাঁশের বেড়া ও জাল দিয়ে বাঁধ তৈরি করে নদী ভাগাভাগি করা হয়েছে। চাড়ি আটাপাড়া নামক স্থান থেকে শুরু হয়েছে যুধিষ্ঠি চন্দ্রের দখল করা সীমানা। তিনি দখল করেছেন প্রায় তিন কিলোমিটার। মাটির বাঁধের ভাটিতে নদীর কয়েক কিলোমিটার দখল করে মাছের চাষ করছেন চিবাশ চন্দ্র রায়।হরিশ চন্দ্র দাস জানান, প্রতিবছর শুষ্ক মৌসুমে নদীতে বাঁধ দিয়ে মাছ ছাড়া হয়। বর্ষার আগেই তা তুলে নেওয়া হয়। চিবাশ চন্দ্র রায় জানান, ব্যক্তিগতভাবে নয়, দিগদাইর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে নদীতে মাছের চাষ করা হচ্ছে।স্থানীয় জেলে মংলু মণ্ডল বলেন, ইজারা নেওয়া বলে কেউ নদীতে নামতেই সাহস পায় না। আটাপাড়ার মুদি দোকানি ফারুক হোসেন জানান, ক্ষমতার দাপট দেখিয়ে দখলকারী ব্যক্তিরা কাউকে নদীতে নামতে দেন না। কেউ নদীর পানিও ব্যবহার করতে পারে না।দখলদারদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে দিগদাইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম জানান, ইজারা নিয়ে নদীতে মাছের চাষ করার কথা তিনি শুনেছেন। তবে দলীয় প্রভাবে কেউ নদী দখল করে থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত স্বার্থে কেউ গজারিয়া নদীতে বাঁধ দিয়ে মাছের চাষ করে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খোঁজখবর নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।