নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ, জলাবদ্ধতা
সালদা নদীর কুমিল্লার ব্রাহ্মণপাড়া অংশে বাঁধ দিয়ে মাছ চাষ ও নদীটি ভরাট করছে স্থানীয় লোকজন। এতে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি নদী দিয়ে সরতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নোয়াপাড়া গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ কারণে ওই গ্রামের ৮ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে এবং পুকুরের মাছ ভেসে গেছে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউশ এলাকায় সালদা নদী কয়েকটি ভাগে বিভক্ত হয়েছে। ওই উপজেলার চরের পাথর গ্রামের শুরুতেই সালদা নদীর শাখা নদী বুড়ি নদীর মাঝখানে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। ওই স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে আরও একটি বাঁধ দেওয়া আছে। সেখানেও মাছের চাষ করা হয়েছে।
কসবা উপজেলার নোয়াপাড়া গ্রামের জামাল হোসেন বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার চরের পাথর গ্রামের রমজান আলী, দুদ মিয়া ও বিল্লাল হোসেন নদীতে বাঁধ দিয়ে মাছের চাষ করেছেন। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির কারণে প্রতিবছরই পানি উপচে নোয়াপাড়া গ্রামের লোকালয়ে ঢুকে পড়ে।
নোয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও ত্রিপুরার পাহাড়ি ঢলের পানিতে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের পশ্চিম পাশের মাঠের ফসল তলিয়ে গেছে। বাঁধের কারণে পানি সরতে না পারায় সালদা নদীর পাড় ভেঙে গ্রামের পূর্ব দিকের ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। গত ৩০ জুন খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি সালদা নদী উপচে পাড় ভেঙে গিয়ে কসবা উপজেলার নোয়াপাড়া গ্রামের বিশাল মাঠের ৮ হেক্টর জমির আউশের ফসল তলিয়ে যায়। একই কারণে নোয়াপাড়া গ্রামের অধিকাংশ এলাকা তলিয়ে যায় এবং পুকুরের মাছ ভেসে যায়।
কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ব্রাহ্মণপাড়া সীমানায় সালদা নদীর শাখা বুড়ি নদীতে দুটি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানি চলাচল করতে পারছে না। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
নোয়াপাড়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেন, বায়েজিদ মিয়া ও আবুল হোসেন বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করায় প্রতিবছরই কম-বেিশ ক্ষতি হয়ে থাকে। এ বছর তাঁদের আউশের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
কসবা উপজেলা কৃষি কর্মকর্তা সুরজিত চন্দ্র দত্ত বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করায় বেিশ পরিমাণ পানিনিষ্কাশন করা যাচ্ছে না। তাই গত কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৮ হেক্টর জমির ফসল তলিয়ে যায়।
মাছচািষ রমজান আলী বলেন, নদীটির পাশেই তাঁদের মালিকানাধীন জমি রয়েছে। ওই জমির সঙ্গে মিলিয়ে তিনিসহ একই গ্রামের দুদ মিয়া, বিল্লাল হোসেন যৌথভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করেছেন। বর্ষাকালে ওই সব জমিতে ধান না হওয়ায় তাঁরা নদীর সঙ্গে মিলিয়ে মাছ চাষ করেন। এভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করা যে অবৈধ কাজ তা তাঁরা জানেন না।
কসবার ইউএনও জালাল সাইফুর রহমান বলেন, কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ব্রাহ্মণপাড়ার ইউএনও সঞ্জিত কুমার দেবনাথ বলেন, ‘নদীতে বাঁধ দিয়ে মাছের চাষের বিষয়টি কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’