নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার, হুমকিতে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মোড়ল গজারিয়া নদের ওপর পুটিয়া সেতুটি চালু হলেও চলাচলের জন্য নির্মাণ করা অস্থায়ী বাঁধটি রয়ে গেছে। এটি যোগসাজশ করে রাখা হয় মাছ শিকারের জন্য। আর এ বাঁধের কারণে সেতুর নিচ ও আশপাশের কৃষিজমি পানিশূন্য হয়ে পড়েছে। পানি না থাকায় সেতুটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সরাইল উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, পানি থাকলে সেতুর পিলার ও অ্যাপ্রোচ ভালো থাকে। পানি না থাকলে এগুলো নষ্ট হয়ে যায়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় লোকজন জানান, ২০০৩ সালে তৎকালীন সরকার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের পুটিয়াঘাট এলাকায় মোড়ল গজারিয়া নদীর ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ১৫০ মিটার সেতু নির্মাণের কাজ শুরু করে। ওই সময় লোকজনের পারাপারের সুবিধার জন্য নদীর ওপর একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। ২০০৮ সালে সেতু নির্মাণের কাজ শেষ হলেও জজ মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে বাঁধটি রেখে দেন। এর পর থেকে তিনি ওই বাঁধটিকে মাছ শিকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন।এলাকার মৎস্যজীবী ও কৃষকেরা জানান, জজ মিয়া প্রতিবছর সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ওই বাঁধ সংস্কার করে নির্বিচারে মৎস্য শিকার করছেন। কালীকচ্ছ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক দুর্গাচরণ দাস বলেন, এভাবে নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করার কারণে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।স্থানীয় কৃষক নুর ইসলাম বলেন, বাঁধের কারণে সেতুর পূর্ব দিকের কৃষি জমিগুলোতে পানিসংকট দেখা দিয়েছে। পানির অভাবে এখন জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। জজ মিয়া বলেন, বাঁধ দিয়েছে সরকার। নিয়মনীতি মেনেই তিনি মৎস্য শিকার করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামান খান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সওজের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, খোঁজখবর নিয়ে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।