নদীতে বিদ্যালয় রাস্তায় পাঠদান
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তা নদীর ভাঙনে দক্ষিণ সন্তোষ অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এক মাস ধরে রাস্তার ওপর খোলা আকাশের নিচে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। আসবাব না থাকায় শিশুশিক্ষার্থীরা মাটিতে বসে পড়াশোনা করছে। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার জানান, দুই মাস আগে বিদ্যালয়টি তিস্তার গর্ভে বিলীন হয়ে যায়। সামান্য কিছু আসবাব ও টিনের বেড়া রক্ষা করা গেলেও বাকি সম্পদ রক্ষা করা যায়নি। বিদ্যালয়ের স্থান না থাকায় বাধ্য হয়ে মেঠো সড়কের ওপর ক্লাস নিতে হচ্ছে। বিদ্যালয়টি নতুন করে স্থাপনের জন্য এলাকার এক শিক্ষানুরাগী ২০ শতাংশ জমি দিতে রাজি হয়েছেন। কিন্তু অর্থাভাবে তা নিবন্ধন করা সম্ভব হচ্ছে না। আবু সালেহ আরও জানান, ১৯৬৭ সালে বিদ্যালয়টি স্থাপিত হয় এবং ১৯৭৩ সালে সরকারীকরণ হয়। এ পর্যন্ত তিন-তিনবার বিদ্যালয়টি তিস্তার ভাঙনে পড়ে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১১০ জন শিক্ষার্থী রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে চারজন শিক্ষক থাকলেও দুজন প্রশিক্ষণে আছেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আনোয়ারুল, আসাদুল, আতিয়ার, শাহা আলম ও রুমি বেগম বলে, ‘রাস্তার ওপর বসে আমাদের ক্লাস করতে কষ্ট হয়। ধুলাবালি উড়ে বইপত্র, জামাকাপড় নষ্ট হয়। এ ছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য শৌচাগার না থাকায় অন্যের বাড়িতে যেতে হয়।’ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল জলিল বসুনিয়া জানান, এখন যেখানে রাস্তার ওপর ক্লাস চলছে, তার পাশের জমিটি বিদ্যালয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। দ্রুত এটি নিবন্ধন করা হবে। জমিটি নিচু হওয়ায় মাটি ভরাটের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, প্রতিবছরই এই উপজেলায় তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে কোনো না কোনো স্কুল নদীগর্ভে বিলীন হয়। এ বছরও দক্ষিণ সন্তোষ অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি বিদ্যালয় ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা পরিষদের সমন্বয় সভায় ভাঙনে ক্ষতিগ্রস্ত ওই বিদ্যালয়ের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।