নদীতে বিলীন সড়ক, যান চলাচল বন্ধ
শরীয়তপুর সদর উপজেলার আড়িগাঁও-রঙের বাজার সড়কের ২০০ মিটার কীর্তিনাশা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে এ সড়ক দিয়ে তিন মাস ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) শরীয়তপুর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কীর্তিনাশা নদীর পাড়ে আড়িগাঁও-রঙের বাজার সড়ক। এর দৈর্ঘ্য তিন কিলোমিটার এবং প্রস্থ আট ফুট। ২০০৮ সালে ৮০ লাখ টাকা ব্যয় করে এটি নির্মাণ করা হয়। গত জুলাইয়ে সড়কটির আড়িগাঁও এলাকায় ২০০ মিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়। ওই ২০০ মিটার অংশে এখনো পাশে দু-তিন ফুট রয়ে গেছে। ওই দু-তিন ফুট জায়গা দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। এলাকার মানুষদের পায়ে হেঁটে যাতায়াত করতে হয়।আড়িগাঁও গ্রামের মজিবর নকতি বলেন, ‘২০০ মিটার বিলীন হয়ে যাওয়ায় এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আগে এলাকার কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী গাড়িতে বহন করতাম। এখন পণ্যসামগ্রী নিজেদের মাথায় করে নিয়ে যেতে হয়।’এলজিইডির শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, নদীর তীর সংরক্ষণ করে সড়কটি স্থায়ীভাবে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে। শিগগিরই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।তবে পাউবো শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক জানান, নদীভাঙনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হলে এলজিইডিই ওই সড়ক মেরামত করবে। পাউবোর কোনো স্থাপনা ভাঙনের কবলে পড়লে পাউবোই তা রক্ষা করে।