নদীতে বিলীন হচ্ছে বিদ্যালয়ের মাঠ
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দুই-তৃতীয়াংশ এরই মধ্যে মধুমতী নদীতে বিলীন হয়ে গেছে। বিদ্যালয়সংলগ্ন শিয়রবর বাজারের নয়টি দোকান ও দুটি মসজিদ নদীতে চলে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর শিয়রবর বাজারসংলগ্ন চারটি বসতঘর ও আধা কিলোমিটার পাকা সড়ক মধুমতীতে বিলীন হয়ে যায়। শিগগিরই ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষা মৌসুমে বাজারের আরও ১০৮টি দোকানঘর, অর্ধশতাধিক বসতবাড়ি ও পাকা সড়ক নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।ওই বাজার বণিক সমিতির সহসভাপতি মো. মসিউর রহমান জানান, উপজেলার উত্তরাঞ্চলের ধান-পাট ও গরু-ছাগলের সর্ববৃহৎ হাট এটি। প্রায় এক হাজার পরিবারের জীবন-জীবিকা চলেছে এই বাজারের ওপর। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বারবার এখানে এসে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।শিয়রবর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার বিশ্বাস জানান, বর্ষা মৌসুমে ভাঙন তীব্র হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।লোহাগড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নলিনী কুমার যোদ্দার জানান, ওই বিদ্যালয়ের ভাঙনের বিষয়টি উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় কয়েকবার আলোচনা হয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।এ ব্যাপারে নড়াইল-২ (লোহাগড়া ও সদর উপজেলার একাংশ) আসনের সাংসদ এস কে আবু বাকের জানান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তিনি এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন প্রতিরোধের ব্যাপারে তাঁকে আশ্বস্ত করেছে পাউবো।নড়াইল পাউবোর নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী জানান, ভাঙন রোধে প্রায় এক বছর আগে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় প্রকল্প তৈরি করে পাউবোর ঢাকা কার্যালয়ে পাঠানো হয়েছে।